গভীর সমুদ্র থেকে ৮ দিন পর জীবিত ফিরলেন নিখোঁজ ৫ জেলে

গভীর সমুদ্র থেকে ৮ দিন পর জীবিত ফিরলেন নিখোঁজ ৫ জেলে

ফাইল ছবি

পটুয়াখালীর কুয়াকাটার উপকূল থেকে মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে আটকে পড়া ৫ জেলে নিখোঁজ হওয়ার আট দিন পর জীবিত ফিরে এসেছেন। সম্প্রতি তারা সবাই নিরাপদে নিজ বাড়িতে ফিরলে পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের বন্যা বয়ে যায়।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিষযটি কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল।

নিখোঁজ পাঁচ জেলে হলেন- মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইয়ুম ও ইউনুস। তারা সবাই কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া এলাকার বাসিন্দা।

জেলে মিলন বিশ্বাস বলেন, গত ২৮ সেপ্টেম্বর সকালে লাল রঙের একটি ফাইবার বোটে করে তারা বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। দুপুরের দিকে হঠাৎ ঝড় শুরু হলে প্রবল ঢেউয়ের তোড়ে তাদের ট্রলার স্রোতে ভেসে সুন্দরবনের গভীরে চলে যায়। এ সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়লে তারা সেখানেই আটকে পড়েন।

তিনি আরও বলেন, ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। পরে ইঞ্জিন মেরামত করে সাগর থেকে ফিরে আসি।

এ দিকে জেলেদের ফিরে আসার খবরে স্বজনদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। নিখোঁজ থাকার সময় পরিবার ও স্থানীয়রা ধারণা করছিলেন, ট্রলারটি হয়তো নিম্নচাপের কারণে ডুবে গেছে কিংবা ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভেসে আছে। 

স্থানীয়রা বিভিন্ন ট্রলারে করে তল্লাশিও চালান, কিন্তু কোনো খোঁজ মেলেনি।