পলাশী গোলচত্বরে আগ্রাসনবিরোধী ৮ স্তম্ভ উদ্বোধন

পলাশী গোলচত্বরে আগ্রাসনবিরোধী ৮ স্তম্ভ উদ্বোধন

সংগ্রহীত ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের স্মরণে বুয়েটসংলগ্ন পলাশী গোলচত্বরে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ গতকাল মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে।

শহীদ আবরারের স্মৃতি ও আগ্রাসনবিরোধী চেতনাকে সমুজ্জ্বল রাখতে ‘শহীদ আবরার ফাহাদ স্মৃতি স্মরণে পলাশী গোলচত্বরে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ নির্মাণ ও পলাশী ইন্টারসেকশন উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর নির্মাণকাজ বাস্তবায়ন করছে।

আগ্রাসনবিরোধী আট স্তম্ভের মাধ্যমে সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প-কৃষি-নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা ও মানবিক মর্যাদা—এই আটটি বিষয়কে নির্দেশ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘২০২০ সালে প্রথম আট স্তম্ভ নির্মাণ করা হয় পলাশীর মোড়ে, যেখানে আজকের আট স্তম্ভ দাঁড়িয়ে আছে।

 

আগ্রাসনবিরোধী আট স্তম্ভ নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই সেটা ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলা হলেও আবরার ফাহাদের স্মরণে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ বাংলাদেশের মানুষের অন্তরে ছিল। বিগত ছয় বছর সেই আট স্তম্ভকে আবারও আমরা সেই একই জায়গায় প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছি এবং সেটি আজকে উদ্বোধন হওয়ার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে।’