কিশোরগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল গৃহবধূর

কিশোরগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল গৃহবধূর

প্রতিকি ছবি

কিশোরগঞ্জের ইটনায় পুকুরের পানিতে ডুবে কমলা বেগম (৪৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টার দিকে নিহতের বাড়ির পার্শ্ববর্তী পুকুরে মরদেহ ভাসতে দেখা যায়।

নিহত কমলা বেগম ইটনা সদর ইউনিয়নের কুমারহাটি গ্রামের হাবুল চৌধুরীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর থেকে কমলা বেগম নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও মঙ্গলবার তার সন্ধান মেলেনি। বুধবার সকালে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গিয়ে কমলাট মৃত্যু হয়েছে।

পরিবারিক ও সূত্র জানায়, কমলা বেগম চোখে কম দেখতেন ও মানসিক রোগে ভুগছিলেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাফর ইকবাল বলেন, নিহত নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।