মুক্তাগাছায় এক দিনে ২ লাশ উদ্ধার

মুক্তাগাছায় এক দিনে ২ লাশ উদ্ধার

প্রতিকী ছবি

ময়মনসিংহের মুক্তাগাছায় সম্বন্ধির হাতে বোন জামাই খুন ও ডোবা থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৮ অক্টোবর) বিকালে উপজেলার হতরপাড়া গ্রামের ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত মঙ্গলবার মধ্যরাতে মানকোন ইউনিয়নের শ্রীপুর মাইজহাটি গ্রামে সম্বন্ধির হাতে বোন জামাই আহাদ আলী (৬০) খুনের ঘটনা ঘটে।

নিহত আহাদ আলী উপজেলার শ্রীপুর মাইজহাটি গ্রামের মৃত সায়েদউল্লাহর ছেলে ও হতরপাড়া গ্রামের ডোবা থেকে উদ্ধার অজ্ঞাত যুবকের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার শ্রীপুর মাইজহাটি গ্রামের ফজলুল হক (৬৫) ও তার ছোট বোন জামাই আহাদ আলী (৬০) একই বাড়িতে বসবাস করতেন। আহাদ আলী প্রায়ই রাতের বেলায় বাড়ি থেকে বের হয়ে এলাকার চায়ের দোকানে গিয়ে আড্ডা দিয়ে রাত করে বাড়ি ফিরতেন। ফজলুল হককে রাতে বেলায় বাড়ির গেট খুলে দিতে হতো। এই গেট খুলা নিয়ে তাদের মাঝে মনোমালিন্য হতো।

মঙ্গলবার রাতেও আহাদ আলী অন্যান্য দিনের মতো রাতে খাবার খেয়ে বাড়ির বাইরে যান। আড্ডা শেষে রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফিরে গেট খুলে দিতে বললে ফজলুল হক গেট খুলেন। পরে এত রাতে ঘুম থেকে উঠে গেট খোলা নিয়ে দুজনে বাগবিতণ্ডায় জড়ান। 

একপর্যায়ে ফজলুল হক শাবল দিয়ে আহাদ আলীর পেটে পর পর আঘাত করেন।

এতে ঘটনাস্থলেই আহাদ আলী লুটিয়ে পড়েন। চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে মুক্তাগাছা উপজেলার ৭নং ঘোগা ইউনিয়নের হতরপাড়া গ্রামে একটি ময়লাযুক্ত ডোবা থেকে অজ্ঞাত যুবকের (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে মুক্তাগাছা থানা পুলিশ অজ্ঞাত পরিচয়ের ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, খুনের ঘটনায় মামলা হয়েছে।

আর অজ্ঞাত লাশ শনাক্তে কাজ চলছে।