কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে নতুন সিদ্ধান্ত ব্রাজিলের
ছবি: সংগৃহীত
ব্রাজিলের ফুটবলে যেন নতুন প্রাণ ফিরিয়েছেন 'ডন' কার্লো আনচেলত্তি। এক সময় যে দল হারতে হারতে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল, সেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এখন আবার জয়ের পথে ফিরছে। মাঠে দেখা যাচ্ছে হারিয়ে যাওয়া সেই ছন্দময় ও আগ্রাসী ব্রাজিলিয়ান ফুটবল।
এই ইতালিয়ান কোচের অধীনে দারুণ পারফরম্যান্সে খুশি ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তাই আনচেলত্তিকে আরও দীর্ঘ সময়ের জন্য রেখে দিতে চাইছে তারা। বিশ্বখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, সিবিএফ তাকে ২০৩০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে।
‘গ্লোবো’-এর বরাত দিয়ে রোমানো তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, 'কার্লো আনচেলত্তি ২০৩০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষরের জন্য ব্রাজিল ফেডারেশন থেকে একটি প্রস্তাব পেতে যাচ্ছেন।'
আনচেলত্তিও আগ্রহী। গত মাসে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘমেয়াদী চুক্তি নিয়ে তার কোনো আপত্তি নেই। তার ভাষায়, 'ব্রাজিলের জন্য বিশ্বকাপের প্রস্তুতি বিশেষ কিছু। আমি প্রথমে এক বছরের চুক্তি করেছি। কিন্তু এখন সবকিছু উন্মুক্ত। যদি সিবিএফ চায়, তাহলে ২০২৬ বিশ্বকাপের পরও আমি চালিয়ে যেতে পারি। আমার এবং আমার পরিবারের জন্য এখানে থাকা আনন্দের।'
সবকিছু ঠিকঠাক চললে, ২০৩০ সাল পর্যন্ত ব্রাজিল ফুটবলের ডাগআউটে দেখা যেতে পারে কার্লো আনচেলত্তিকে।