১ জন ঘুরছেন নবজাতক নিয়ে, আরেকজন নিখোঁজ
প্রতিকী ছবি
এক মানসিক ভারসাম্যহীন তরুণী নবজাতক নিয়ে এদিক-সেদিক ঘুরছেন আর এর মধ্যেই আরেক মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণের শিকার হয়ে নিখোঁজ রয়েছেন। এমন ঘটনা দুইটি ময়মনসিংহের নান্দাইলের ভিন্ন জায়গার। গত বৃহস্পতিবার একটি বাজারে গভীর রাতে ধর্ষণের শিকার ওই নারী এখন নিখোঁজ রয়েছেন। এ নিয়ে শনিবার (১১ অক্টোবর) সকালে এলাকার লোকজন সালিস বসালেও অভিযুক্ত না আসায় ফের সালিসের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত প্রায় এক সপ্তাহ ধরে মানসিক ভারসাম্যহীন এক তরুণী প্রায় দুই মাস বয়সের নবজাতক নিয়ে নান্দাইল পৌর শহরের বিভিন্ন জায়গায় অবস্থান করছে। এতে ধারণা করা হয় ওই নারী ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে সন্তানের জন্ম দেয়।
পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই নারীর বাড়ি পাশের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের একটি গ্রামে। মানসিক ভারসাম্যহীন অবস্থাতেই তিনি বাড়ি ছেড়ে নান্দাইলের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন।
এ অবস্থায় লোকজনের চোখে ধরা পড়ে তিনি সন্তান সম্ভবা। এর মধ্যে নান্দাইল চৌরাস্তা এলাকাতেই তিনি সন্তান প্রসব করেন। কার কারণে এই নারীর এই সর্বনাশ হয়েছে তা জানা না গেলেও ওই নারী বেশ কয়েকজনের নাম উচ্চারণ করে আসছে।
অন্যদিকে নান্দাইলের দাতারাটিয়া নামক বাজারে অবস্থান করে আসছিল আরেক মানসিক ভারসাম্যহীন নারী (বয়স আনুমানিক ২৫)।
তাকে গত বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় এক যুবক ধর্ষণ করে। এ ঘটনাটি দেখে ফেলে বাজারের পাহারাদার ইসমাইল। পরে এ নিয়ে শনিবার বাজারেই ওই যুবককে চিহ্নিত করে সালিসের আয়োজন করা হয়। কিন্তু সালিসে উপস্থিত না থাকায় ফের আগামী মঙ্গলবার সালিসের নতুন দিন ধার্য করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সালিসের আয়োজনকারী ও বাজারের সভাপতি সাবেক মেম্বার মো. আবু বক্কর সিদ্দিক জানান, অভিযুক্ত ওই যুবক হচ্ছে এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. এরশাদ মিয়া ওরফে কচু (৩২)।
তিনি বলেন, ওই অভিযুক্তসহ তার বাবা পরদিন আমার বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষমা চান। কিন্তু আমার পক্ষে সম্ভব নয় বলে সালিসে থাকার নির্দেশ দেই। এরপরও সালিসে উপস্থিত হয়নি।
এলাকার ইউপি সদস্য মো. আব্দুল কদ্দুস জানান, এ ঘটনার খবর পেয়ে তদন্ত করে যুবক এরশাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে বাজারের পাহারাদার মো. ইসমাইল জানান, তিনিসহ দুলাল নামে আরেকজন মিলে বাজার পাহারা দেন। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে তারা নিশ্চিত করেছেন।