বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ফাইল ছবি

জলবায়ু পরিবর্তনসহ নানাবিধ করণে বিশ্বের বিভিন্ন দেশের বড় ছোট শহরগুলোর বাতাসে দিন দিন বাড়ছে দূষণের মাত্রা। দীর্ঘদিন ধরে ঢাকার বাতাস দূষণের কবলের মধ্যে রয়েছে। আজ রোববার (১২ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে বিশ্বে বায়ুদূষণের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে শহরটি। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৬৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

একিউআই সূচক অনুযায়ী, আজ ১৯৩ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় স্থানে রয়েছে ইতালির মিলানো, স্কোর ১৭৫। তৃতীয় ও পঞ্চমে যথাক্রমে ১৬৭ স্কোর নিয়ে ভারতের দিল্লি এবং ১৬২ স্কোর নিয়ে চীনের হ্যাংজু।

একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।