মজাদার গোলাপজাম রেসিপি

মজাদার গোলাপজাম রেসিপি

ছবি: সংগৃহীত

উৎসব হোক কিংবা বিশেষ দিন— মিষ্টিমুখ না করলেই নয়। রসগোল্লা, চমচম, কালোজাম, গোলাপজাম, মালাইচপ, লাড্ডুসহ হরেকরকম মিষ্টি খাওয়া হয়। এবার চাইলে ঘরেই বানিয়ে ফেলতে পারেন গোলাপজাম। জানুন রেসিপি- 

উপকরণ 

ফুল ক্রিম দুধ- ১ কাপ
ময়দা- ১/২ কাপ
বেকিং পাউডার- ১ চা চামচ
ঘি- ১ টেবিল চামচ
ডিম- ১ টা ছোট সাইজের
সয়াবিন তেল- মিষ্টি ভাজার জন্য পরিমাণ মতো 

সিরা তৈরির জন্য উপকরণ

চিনি- ২ কাপ
পানি- ২ কাপ
এলাচ- ৩টি 
লেবুর রস- ১ চা চামচ
জাফরান- ১ চিমটি (অপশনাল)

প্রণালি 

প্রথমে ডিম ফেটিয়ে নিন ভালো করে যেন কোনো লাম্পস না থাকে। এবার একটি বোলে সব শুকনো উপকরণ ফুল ক্রিম গুঁড়া দুধ, ময়দা, বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে নিন হাত দিয়ে।

মিক্সড করা শুকনো উপকরণগুলোর সাথে ঘি মিশিয়ে একটু হাত দিয়ে মেখে নিন। সবশেষে ফেটানো ডিমের মিশ্রণটি অল্প অল্প করে মিশিয়ে মেখে নিন। তবে খেয়াল রাখবেন, মিষ্টির কনসিস্টেন্সি যেন থাকে, একটু আঠালো মিশ্রণ হবে। ডিমের মিশ্রণ পুরোটা‌ না লাগলে দেবেন না। 

এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে মেখে হাতে একটু ঘি মাখিয়ে হাতের তালুতে গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করে নিন। 

চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে ২কাপ চিনি, ২কাপ পানি, ৩টা এলাচ ও ১চিমটি জাফরান দিয়ে পানি ফুটিয়ে সিরা তৈরি করে নিন। জাফরান না থাকলে না দিলেও হবে। 

আরেকদিকে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে লো আঁচে বানিয়ে রাখা মিষ্টিগুলো হাল্কা নেড়ে ভেজে নিন লাল‌ করে। সিরা ফুটে উঠলে গরম গরম ভাজা মিষ্টিগুলো‌ সিরায় দিয়ে দিন‌ সবগুলো‌ একসঙ্গে। ঢাকনা দিয়ে ৫/৬ মিনিট মিষ্টিগুলো সিরায় রান্না করে নিন এবং চুলা বন্ধ করে দিন। এর মধ্যেই মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে।

চুলা বন্ধ অবস্থায় ঢাকনা দিয়ে সিরার মধ্যে মিষ্টিগুলো ‌১ ঘণ্টা রেখে দিন। এর মধ্যেই মিষ্টিগুলো‌ নরম তুলতুলে হয়ে যাবে। এবার ফ্রিজে রেখে পরিবেশন করুন।