ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক, পুলিশে সোপর্দ
ছবি: প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস করতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা।
রোববার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে থেকে তাকে আটক করে প্রশাসনের মাধ্যমে পুলিশে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তির নাম হাসান তুষার। তিনি ইবির অর্থনীতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সর্বশেষ কমিটির সহ-সম্পাদক ছিলেন। তিনি শাহ আজিজুর রহমান হলের (তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) ২১৩ নম্বর কক্ষে অবস্থান করতেন।
শিক্ষার্থী সূত্রে জানা যায়, মাস্টার্সের ক্লাস করতে ক্যাম্পাসে আসেন তুষার। পরে মীর মোশাররফ ভবনের সামনে চা খাওয়ার সময় তাকে দেখে ছাত্রদলের কর্মীরা আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে থানায় সোপর্দ করে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ বলেন, এই ছেলে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বিভিন্ন অপকর্ম করেছে, শিক্ষার্থীদের হুমকি দিয়েছে। তদন্ত কমিটির তালিকায় অনেকের নাম বাদ পড়েছে। ছাত্রলীগ এখন আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না।
অন্যদিকে আটক হাসান তুষার বলেন, আমি নিয়মিত ক্লাস করছিলাম, অনার্স পরীক্ষায়ও অংশ নিয়েছি। তখন কেউ কিছু বলেনি। আজ মাস্টার্সের ক্লাসে আসলে তারা আমাকে আটক করে।
প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান বলেন, শিক্ষার্থীরা তাকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হিসেবে আটক করে প্রক্টর অফিসে নিয়ে এসেছে। পরে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে তাকে থানায় সোপর্দ করেছি। নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের হাতে তাকে হস্তান্তর করেছে। তারা যদি মামলা করে, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।