নিউমার্কেট সিটি কমপ্লেক্সে চুরির ঘটনায় গ্রেপ্তার ১
প্রতিকি ছবি
রাজধানীর নিউমার্কেট সিটি কমপ্লেক্স (বিশ্বাস বিল্ডার্স) মার্কেটে সংঘটিত চুরির ঘটনায় চোরাই টাকা ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ মো. আলিম হাওলাদার (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) ভোরে বরগুনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, গত ৪ অক্টোবর রাতে মার্কেটের চতুর্থ ও নিচ তলার দোকানের তালা ভেঙে অজ্ঞাতনামা চোরেরা ২০ লাখ ৯৯ হাজার ৪৫২ টাকা চুরি করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় বাদী মো. মানিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে থানায় একটি চুরির মামলা রুজু করা হয়। পরে মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে পুলিশ। এর ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর ভোরে বরগুনা জেলার বামনা থানাধীন পূর্ব বলায় বুনিয়া গ্রাম থেকে আলিম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। অভিযানে স্থানীয় বামনা থানা পুলিশের সহায়তা নেয় নিউমার্কেট থানা পুলিশ।
পুলিশের এই কর্মকর্তা বলেন, তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই টাকার মধ্যে নগদ ১ লাখ ৪০ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি কাটা শাবল উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলিম হাওলাদার চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।