কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক
সংগ্রহীত ছবি
চট্টগ্রামের চন্দনাইশে বৈলতলী গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পে ঘরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুর হোসেন (৩০) নামে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার বৈলতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ড জাফরাবাদ (খোদারহাট) গুচ্ছগ্রাম থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুর হোসেন একই এলাকার আব্দুল গফুরের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার।
তিনি জানান, আত্মগোপনে থাকা ধর্ষণ মামলার আসামিকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
মামলার এজাহারে জানা গেছে, চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ড খোদারহাট গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্প ৬নং ওয়ার্ড গ্রামে এক গৃহবধূকে (৩০) দীর্ঘদিন থেকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন একই এলাকার নুর হোসেন।
গত ১ অক্টোবর রাতে গৃহবধূর বাড়িতে কেউ না থাকার সুযোগে নুর হোসেন ঘরের ভেতর প্রবেশ করে দরজা বন্ধ করে দেন।
একপর্যায়ে নুর হোসেন ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে জানে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান তিনি।
পরবর্তীতে ভিকটিমকে পুনরায় কুপ্রস্তাব দিলে তিনি স্বামীকে ধর্ষণের বিষয়ে জানান এবং বিষয়টি সামাজিকভাবে বৈঠক করে শেষ করার চেষ্টা করেন। কিন্তু বিষয়টি সামাজিকভাবে বৈঠকে শেষ না হওয়ায় নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এরপর পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামিকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি নির্যাতনের শিকার গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।