রংপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৩২ নেতাকর্মী

রংপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৩২ নেতাকর্মী

সংগৃহীত

দলের আদর্শ ও ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭ নম্বর ইমাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আল আমিনসহ ৩২ কর্মী ও সমর্থক।

বুধবার (১৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রব্বানী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ইউনিয়নের এক ভোটার সমাবেশে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন তারা।

ভোটার সমাবেশ মঞ্চে যোগদান করা সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। 

দলে যোগদানকারী সদস্যদের স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সারাদেশেই কোথাও না কোথাও জামায়াতে ইসলামীর পতাকাতলে আসছেন ভিন্ন মতাদর্শের রাজনৈতিক সচেতন লোকজন। রাজনৈতিকভাবে জামায়াত দেশের ও মানুষের কল্যাণে নিবেদিত একটি রাজনৈতিক দল এই বার্তাটা মানুষের মধ্যে ছড়িয়ে পরেছে। যার কারণে সচেতন মানুষ জামায়াতের পতাকাতলে আসছেন। স্থানীয় পর্যায়ে এ যোগদানের মাধ্যমে জামায়াতে ইসলামী তৃণমুলে আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় এভাবে ত্বরানিত হবে ইনশাআল্লাহ।

ভোটার সমাবেশে উপস্থিত ছিলেন— রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।