৫ দাবিতে সাতক্ষীরায় জামায়াতের মানববন্ধন

৫ দাবিতে সাতক্ষীরায় জামায়াতের মানববন্ধন

ছবি :প্রতিনিধি

আল আমিন(নিজস্ব প্রতিনিধি):পাঁচ দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত সাতক্ষীরা খুলনা রোড মোড় থেকে ইটাগাছা হাটের মোড় পর্যন্ত ২ কিলোমিটার সড়কের এক পাশে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

খুলনা রোড মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে নের্তৃত্ব দেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক। কোটসংলগ্ন সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন সদর জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও তুফান মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ জামায়াত নেতারা।

মানববন্ধনে বক্তরা বলেন, যারা জুলাই সনদের আইনি ভিত্তি চায় না, মেনে নিতে পারছে না— তারা যুক্তি দেখাচ্ছে, জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে যদি কোনো সমস্যা হয়, তাহলে জনগণ ভোটের প্রতি আস্থা হারাবে, যার প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে।

বক্তরা আরও বলেন, যারা গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করতে চায়, তাদের উদ্দেশ্য খারাপ। কারণ, গণভোটে জুলাই সনদ পাস হয়ে গেলে জাতীয় নির্বাচন ব্যবস্থায় অনেক পরিবর্তন আসবে। নতুন ব্যবস্থায় নির্বাচন হলে তারা ভোট চুরি করতে পারবে না, কেন্দ্র দখল করতে পারবে না। জুলাই সনদের আইনি ভিত্তি হয়ে গেলে তারা ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না। এ জন্য তারা জুলাই সনদের আইনি ভিত্তি ঠেকাতে নানাভাবে ষড়যন্ত্র করছে।

জামায়াতের পাঁচ দাবি হলো- গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট দেওয়া, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।