এবার বিপিএলে আয় ভাগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো

এবার বিপিএলে আয় ভাগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো

ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বরের মাঝামাঝি শুরু হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর। আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের আসরে ফ্র্যাঞ্চাইজিদের জন্য থাকছে নতুন এক সুযোগ, বিসিবির আয়ের ভাগ পাবে তারা।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এবারই প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিগুলোকে টুর্নামেন্টের লভ্যাংশ দেওয়া হবে। গ্রাউন্ড রাইটস, টিকিট বিক্রি ও মিডিয়া রাইটস থেকে প্রাপ্ত মোট আয়ের ৩০ শতাংশ ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

এর আগে শুধু টিকিট বিক্রির আয়ের একটি অংশ শর্তসাপেক্ষে দেওয়া হয়েছিল দলগুলোকে। তবে এবার আয় ভাগাভাগির পরিধি আরও বড় করা হয়েছে।

নতুন মৌসুমে ফ্র্যাঞ্চাইজি ফি নির্ধারণ করা হয়েছে ২ কোটি টাকা। পরের বছরগুলোতে প্রতি আসরে এই ফি বাড়বে গড় হিসেবে ১৫ শতাংশ করে। পাঁচ বছরের জন্য একেকটি ফ্র্যাঞ্চাইজিকে ফি বাবদ মোট প্রায় ১৩ কোটি ৫০ লাখ টাকা পরিশোধ করতে হবে।

ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করার সময়ই প্রথম বছরের ২ কোটি টাকা জমা দিতে হবে। যদি কেউ ফ্র্যাঞ্চাইজি না পায়, তাহলে জমা দেওয়া টাকা ফেরত দেওয়া হবে। তবে ফ্র্যাঞ্চাইজি পাওয়ার পর টাকা নিয়ে যেন কেউ ঝামেলা করতে না পারে, সে জন্যই আগেভাগেই অর্থ জমার এই নিয়ম করেছে গভর্নিং কাউন্সিল।

এছাড়া, প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ব্যাংক গ্যারান্টি হিসেবে ১০ কোটি টাকা জমা রাখতে হবে, প্রতি আসরে ৬ মাসের জন্য। খেলোয়াড়দের পারিশ্রমিক যথাসময়ে পরিশোধ না করলে, সেই ব্যাংক গ্যারান্টির টাকা থেকে বিসিবি খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করবে।