রাকসু নির্বাচনে ১১ হলের ফলাফল ঘোষণা, ভিপি-এজিএস পদে এগিয়ে শিবির
সংগ্রহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ১১টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি ও এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে জিএস পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার।
শুক্রবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টা পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে মেয়েদের ছয়টি এবং ছাত্রদের ৫টিসহ মোট ১১টি হলে ফলাফল ঘোষণা করা হয়েছে।
এসব হলে ভিপি পদে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ৭ হাজার ২৬৫ ভোট পেয়েছেন, অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১ হাজার ৯৩৫ ভোট।
জিএস পদে ১১টি হলের ফলাফলে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার। তিনি পেয়েছেন ৬ হাজার ৪০৭ ভোট। এই পদে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফজলে মো. ফাহিম রেজা পেয়েছেন ৩ হাজার ৪৮৮ ভোট।
এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থী এস এম সালমান সাব্বির ৩ হাজার ৯৭৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। এই পদে নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩ হাজার ১৯৪ ভোট।
আজ ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে একাদশতম হল হিসেবে শহীদ শামসুজ্জোহা হলের ফলাফল ঘোষণা করা হয়।
সংশ্লিষ্ট হলগুলোর প্রাধ্যক্ষরা হল সংসদ নির্বাচনের ফলাফল এবং রাকসু ও সিনেট নির্বাচনের ফল ঘোষণা করছেন প্রধান রিটার্নিং কর্মকর্তারা।
এর আগে রাত সাড়ে ১০টায় মন্নুজান হলের মাধ্যমে ফল ঘোষণা শুরু হয়। এরপর পর্যায়ক্রমে বেগম রোকেয়া, তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া ও রহমতুন্নেসা হলের ফলাফল ঘোষণা করা হয়। এরপর ছাত্রদের চারটি হলের ফল ঘোষণা করা হয়। হলগুলো হলো শেরে বাংলা ফজলুল হক হল, শাহ মখদুম হল, নবাব আব্দুল লতিফ হল ও সৈয়দ আমীর আলী হল।