ইটভাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
সংগৃহীত
স্বাস্থ্য, পরিবেশ ও কৃষিজমি রক্ষার দাবিতে বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামের বিবিসি ইটভাটা বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে আকবাড়িয়া দাখিল মাদরাসা সংলগ্ন সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা দ্রুত ফসলি জমি, পরিবেশ ও জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা বন্ধের দাবি জানান।
এলাকাবাসী অভিযোগ করেন, ২০১৭ সালে আব্দুল হান্নান মৃধা ‘বিবিসি (বিসমিল্লাহ ব্রিকস)’ নামে ইটভাটা স্থাপন করেন। ফসলি জমিতে ইটভাটা স্থাপনের কারণে অন্তত ৫০০ একর তিন ফসলি জমি, গাছপালা, জীববৈচিত্র্য, প্রাণিসম্পদ ও গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পাঁচ হাজারেরও বেশি মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন।
কৃষকরা জানান, ইটভাটার ধোঁয়া ও ধুলার কারণে জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে, ফলে আগের মতো ফসল উৎপাদন হচ্ছে না। ভাটার আশপাশে তিন কিলোমিটারের মধ্যে রায়বালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এতিমখানা ও ইবতেদায়ী মাদরাসা থাকায় শিক্ষার্থীরাও ক্ষতির মুখে পড়েছে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে আবাসিক বা কৃষি এলাকায়, অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। কিন্তু ওই আইন উপেক্ষা করেই ইটভাটা চালু রাখা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় জাহাঙ্গীর আলম। এসময় বক্তব্য দেন, নাশির উদ্দিন, কবির গাজী, শাহীন ও খোকন প্রমুখ। বক্তারা বলেন, ইটভাটার কারণে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে, গাছে ফল ধরছে না, জমিতে আগের মতো ফসল হচ্ছে না, শিশুদের মধ্যে শ্বাসকষ্টসহ নানা রোগ দেখা দিচ্ছে।