ফতুল্লায় ‘ব্রাজিল বাড়ি’তে দুদকের অভিযান

ফতুল্লায় ‘ব্রাজিল বাড়ি’তে দুদকের অভিযান

ফাইল ছবি

রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানিগুলোর অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তেল চুরির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসাবে  রোববার নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘ব্রাজিল বাড়ি’তে অভিযান চালিয়েছে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।

দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘তেল চুরি’, ‘ব্রাজিল বাড়ি’ ও তাদের আয়েশি জীবন’ শীর্ষক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর যমুনা তেল কোম্পানির গেজার ও শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নেতা জয়নাল আবেদীন ওরফে টুটুলের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য ডিপোর ২২ ও ২৩ নম্বর স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন (মজুত সক্ষমতা) চার্ট সংগ্রহ করা হয়। পাশাপাশি এ পর্যন্ত প্রাপ্ত ও বিতরণ করা তেলের পরিমাণ সংক্রান্ত নথিপত্রও জব্দ করা হয়েছে।

এছাড়া জয়নাল আবেদীনের বিলাসবহুল ‘ব্রাজিল বাড়ি’ সরেজমিনে পরিদর্শন করেছে দুদক দল। ওই সময় তার অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে প্রাথমিক তথ্যও সংগ্রহ করা হয়।

দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ জানান, যমুনা অয়েল কোম্পানির পতেঙ্গা কার্যালয় থেকে কিছু তথ্য সংগ্রহ করেছে দুদক। এগুলো বিশ্লেষণ করা হচ্ছে। প্রাথমিক তথ্য যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।