ফুলতলায় কপোতাক্ষ এক্সপ্রেস লাইনচ্যুত, যাত্রীদের ভোগান্তি

ফুলতলায় কপোতাক্ষ এক্সপ্রেস লাইনচ্যুত, যাত্রীদের ভোগান্তি

ফাইল ছবি

খুলনা থেকে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা দেরিতে রাজশাহী থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি খুলনার ফুলতলার অদূরে এসে লাইনচ্যুত হয়েছে। 

মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

লাইনচ্যুত ট্রেনের কারণে বেজেরডাঙ্গা রেলস্টেশনে ক্রসিংয়ের জন্য অপেক্ষায় থাকা নকশীকাঁথা এক্সপ্রেস খুলনার উদ্দেশে ছেড়ে যেতে পারছে না। এছাড়া রাজশাহী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা অপর কপোতাক্ষ ট্রেনটিও পথে আটকে আছে।

এতে শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লাল হোসেন বলেন, ‘একটি ট্রেন লাইনচ্যুত এবং অপরটি ক্রসিংয়ে আটকে আছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও পরিস্থিতি স্বাভাবিক করতে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’

রেলওয়ের খুলনা দৌলতপুরের এক গেটকিপার জানান, ‘খুলনা থেকে রাত সাড়ে ১১টায় ছেড়ে যাওয়া নকশীকাঁথা ট্রেনটি ফুলতলার কাছেই আটকে আছে বলে শুনেছি।

খুলনা রেলওয়ে স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা স্টেশন থেকে কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।

উল্লেখ্য, একই দিনে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢালারচর এক্সপ্রেস ট্রেন ক্রসিংয়ে পড়ে থাকা দুটি বগির সঙ্গে ধাক্কা খায়।

এতে তিনটি বগি লাইনচ্যুত হয়।

রাত ৯টার দিকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে।

খুলনার খান বাহাদুর আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান বলেন, তার মেয়ে রাজশাহী মেডিক্যাল কলেজের ছাত্রী। কপোতাক্ষ ট্রেনে রাজশাহী থেকে আসছিলেন তার মেয়েও। কিন্তু এমনিতেই ট্রেন তিন ঘণ্টা দেরি তারপর আবার বগি লাইনচ্যুত হওয়ায় তার মেয়েসহ অনেকেই এখন অসহায়। এজন্য তিনি রাত সোয়া ১টার দিকে খুলনা থেকে অ্যাম্বুলেন্স নিয়ে ফুলতলার দিকে রওয়ানা হয়েছেন মেয়েকে উদ্ধারের জন্য।