শুটিংয়ে আহত অভিনেতা বনি, এখন কেমন আছেন?
ছবি: সংগৃহীত
টলিউড চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত। ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ সিনেমা। কমেডি, অ্যাকশান আর রোমান্টিক চরিত্র অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবার অভিনেতার ভক্তদের জন্য মন খারাপ করা খবর। আসন্ন ‘বানসারা’ সিনেমার শুটিং সেটে আহত হয়েছেন বনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আতিউল ইসলাম পরিচালিত ‘বানসারা’ শুটিংয়ের প্রায় শেষভাগে আহাত হন বনি। কলকাতার একটি গোডাউনে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন তিনি।
জানা গেছে, অভিনেতার পায়ে চোট পেয়েছেন। আঘাতের কারণে পায়ের গোড়ালি থেকে রক্ত বের হতে থাকে। ঘটনার সঙ্গে সঙ্গেই প্রোডাকশন টিমের কর্মীরা বনির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। আহত অবস্থায় শুটিং চালিয়ে যান তিনি।
দুর্ঘটনা প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে বনি বলেন, ‘এই ছবির জন্য আমাকে দীর্ঘদিন ধরে নিজেকে তৈরি করতে হয়েছে। চুল কেটে ছোট করতে হয়েছে। চরিত্রটির মধ্যে অনেক স্তর আছে যা দর্শকদের চমক দেবে। শুটিংয়ের দিন অ্যাকশন দৃশ্যের সময় হঠাৎ পায়ের গোড়ালিতে চোট পাই রক্তে পা লাল হয়ে যায়। তবে দর্শকদের ভালো কাজ উপহার দিতে গেলে একজন অভিনেতার কাছে এই চোট কিছুই না। এখন আপাতত ভালো আছি।’
‘বানসারা’ ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বানিকে। ছবির গল্প এগিয়েছে পুরুলিয়ার ঘন জঙ্গলে ঘেরা ‘বানসারা’ নামে এক গ্রামকে ঘিরে। বনদেবীর নাম অনুসারে গ্রামের নামকরণ হয়েছে। গ্রামবাসীদের বিশ্বাস এবনদেবী এতটাই জাগ্রত যে, গ্রামের অপরাধীদের নিজের হাতে সাজা দেন।
বনি ছাড়াও ‘বানসারা’ ছবিতে দেখা যাবে অপরাজিতা আঢ্য, মুন সরকার, তানিসি মুখোপাধ্যায়কে।