গ্রামবাংলার জনপ্রিয় খেলা হাডুডু এখন বিলুপ্তপ্রায় : শফিকুল হক

গ্রামবাংলার জনপ্রিয় খেলা হাডুডু এখন বিলুপ্তপ্রায় : শফিকুল হক

সংগ্রহীত ছবি

গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু এখন বিলুপ্তপ্রায় বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন।

শুক্রবার (২৪ অক্টোবর) দিনব্যাপী রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড খিরশিন ফকিরপাড়া যুবসংঘের আয়োজনে ‘আরাফাত রহমান কোকো হাডুডু টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

শফিকুল হক মিলন বলেন, হাডুডু শুধু গ্রামবাংলার খেলা নয়, এটি বাংলাদেশের জাতীয় খেলা। কিন্তু কালের বিবর্তনে এই খেলা প্রায় হারিয়ে যাচ্ছে।

আগে বর্ষা মৌসুমে প্রতিটি গ্রামেই এই খেলার আয়োজন হতো, এখন আর তা দেখা যায় না।

তিনি বলেন, পতিত সরকার দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করে ধ্বংস করে ফেলেছে। স্টার খেলোয়াড়দের রাজনীতিতে টেনে এনে তাদের ক্যারিয়ার শেষ করে দিয়েছে। বিএনপি আমলে এমনটা কখনো হয়নি, কারণ বিএনপি ক্রীড়ামোদী ও সংস্কৃতিপ্রেমী দল।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মিলন বলেন, ধানের শীষের প্রার্থী যে-ই হোক, সবাইকে এক হয়ে কাজ করতে হবে এবং ভোট দিতে হবে। না হলে দেশ আরো ৫০ বছর পিছিয়ে পড়বে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, সহকারী অধ্যাপক হুমায়ুন কবীর পরাগ, অধ্যক্ষ মারুফ হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

চূড়ান্ত খেলায় মামুন ট্রাক্টর একাদশ ৫০-৪৭ পয়েন্টে সাধন ও পারভেজ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার ও নগদ অর্থ বিতরণ করা হয়।