এমবাপের কাছে আরও বেশি কিছু চান রিয়াল কোচ

এমবাপের কাছে আরও বেশি কিছু চান রিয়াল কোচ

ছবি: সংগৃহীত

দারুণ ফর্মে আছে রিয়াল মাদ্রিদ। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ চার ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। এখন সামনে বার্সেলোনার বিপক্ষে ‘এল ক্লাসিকো’। এই ম্যাচ জিততে পারলে টানা পাঁচ জয়ের আনন্দে মাতবে দল, পাশাপাশি বড় ম্যাচে সাম্প্রতিক হতাশারও অবসান ঘটবে।

জাবি আলোনসোর অধীনে রিয়ালের বড় ম্যাচে জয়টা যেন কিছুটা দূরে এখনো। কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তার দল পিএসজি ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হেরেছে। তবে বার্সার বিপক্ষে জিতে সেই ‘ধারাবাহিকতা’ ভাঙতে চান আলোনসো।

স্প্যানিশ দৈনিক দিয়ারিও আস জানিয়েছে, আলোনসো তার দলকে স্পষ্ট করে বলেছেন, রবিবারের এই ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে তিনি খুশি দলের সাম্প্রতিক প্রতিক্রিয়া দেখে, বিশেষ করে চার সপ্তাহ আগে আতলেতিকোর বিপক্ষে হারের পর দলের মানসিক পরিবর্তন দেখে।

আলোনসো বলেন, “কয়েক সপ্তাহ কেটে গেছে, আমরা ভুলগুলো শুধরে নিয়েছি। আগামীকালের ম্যাচের আগে আমি মনে করি, আমরা এখন মানসিকভাবে এবং খেলায়, দুটিতেই ভালো অবস্থায় আছি। আমি জিততে চাই, আর চাই সমর্থকেরা উপভোগ করুক। এই ম্যাচটা অন্যরকম আবেগের, এখন এটা-ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

এল ক্লাসিকোর আগে সাংবাদিকদের এক প্রশ্নে কিলিয়ান এমবাপ্পে সম্পর্কে আলোনসো বলেন, তার কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স দেখতে চান তিনি। “এমবাপ্পেকে ভালো লাগছে আমার। সবাই জয়ের জন্য ভীষণ উজ্জীবিত। জুভেন্টাস ম্যাচের পর সবাই এখন পুরোপুরি সুস্থ। আগামীকালই সময় নিজেদের প্রমাণ করার।

আমাদের খেলোয়াড়দের মান এতটাই উঁচু যে তারা অনেক সময় অফসাইডে পড়ে যায়, তবে আমাদের আরও অনেক কিছু করতে হবে। বল কোথা থেকে পাস দিচ্ছি, এসব ছোটখাটো বিষয়ই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। আমি দেখতে চাই এমবাপ্পে আরও কার্যকর হতে পারে কীভাবে, কেবল গোল নয়, মাঠে তার উপস্থিতি যেন দলকে আরও এগিয়ে দেয়। দলের সামগ্রিক মান উন্নতি করছে, আর এমবাপ্পে এই দলের মূল চালিকা শক্তি।”

গত মৌসুমে হানসি ফ্লিকের আক্রমণাত্মক কৌশলের বিপরীতে সমস্যায় পড়েছিল রিয়াল। তবে এবার আলোনসো মনে করেন, তার দল সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য পুরোপুরি প্রস্তুত। “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা নিজেদের ওপর ফোকাস রাখব। ম্যাচ পরিকল্পনা থাকে, কিন্তু সেটি সবসময় আমাদের নিজস্ব খেলার দর্শনের ওপর নির্ভর করে। কেবল বলের দখল নয়, কখন প্রেস করতে হবে, সেটাও বুঝে করতে হবে।”

রবিবারের ‘এল ক্লাসিকো’ তাই শুধু লা লিগার পয়েন্টের লড়াই নয়, বরং আত্মবিশ্বাস পুনরুদ্ধারেরও সুযোগ রিয়ালের জন্য। আলোনসোর নেতৃত্বে দল যে সঠিক পথে এগোচ্ছে, সেটা প্রমাণের সময় এখন।