রুকু-সেজদায় পিঠ সোজা না করার অপূরণীয় ক্ষতি
ছবি: সংগৃহীত
নামাজ ইসলামের অন্যতম প্রধান রুকন ও ফরজ ইবাদত। ঈমানের পর একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। এটি মহান আল্লাহর সঙ্গে সাক্ষাতের সুযোগও বটে। হাদিসে এসেছে, ‘মুমিন যখন নামাজে থাকে, তখন সে তার প্রতিপালকের সঙ্গে নিভৃতে কথা বলে।’ (সহিহ বুখারি: ৪১৩)
তাই নামাজে তাড়াহুড়া করা বা নির্ধারিত অঙ্গগুলো যথাযথভাবে সম্পন্ন না করা কোনোভাবেই সমীচীন নয়। কোরআন ও সুন্নাহ অনুযায়ী ধীরস্থিরতা ও মনোযোগসহকারে নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের দায়িত্ব।
রুকু ও সেজদায় স্থিরতা: নবীজির স্পষ্ট নির্দেশ
হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, এক সাহাবি মসজিদে এসে নামাজ আদায় করলেন। রাসুলুল্লাহ (স.) তখন মসজিদের এক কোণে ছিলেন। সাহাবি সালাম দিলে নবীজি (স.) বললেন, ‘তুমি ফিরে যাও এবং নামাজ আদায় করো; কেননা তুমি নামাজ আদায় করোনি।’ তিনবার এমন হওয়ার পর সাহাবি অনুরোধ করলেন— ‘হে আল্লাহর রাসুল! আমাকে শেখান কীভাবে নামাজ পড়ব।’ তখন নবীজি (স.) বিস্তারিতভাবে বললেন- ‘যখন নামাজে দাঁড়াবে, ভালোভাবে অজু করবে, কেবলার দিকে মুখ করবে এবং তাকবির দেবে। কোরআনের যতটুকু সহজ মনে হয় তা পড়বে। এরপর ধীরস্থিরভাবে রুকু করবে, রুকু থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়াবে, তারপর ধীরস্থিরভাবে সেজদা করবে, সেজদা থেকে ধীরভাবে বসবে, আবার ধীরভাবে সেজদা করবে, এরপর সোজা হয়ে দাঁড়াবে। পুরো নামাজ এভাবে আদায় করবে।’ (সহিহ বুখারি: ৬৬৬৭)
এই হাদিসে ‘সুন্দর নামাজ’ কেমন হওয়া উচিত, তার এক পরিপূর্ণ রূপরেখা তুলে ধরা হয়েছে।
রুকু-সেজদায় অবহেলার ভয়াবহ পরিণতি
অনেক মুসল্লি নামাজে রুকু ও সেজদা যথাযথভাবে আদায় করেন না, দ্রুত শেষ করতে চান। অথচ নবীজি (স.) বলেছেন, ‘মানুষের মধ্যে সবচেয়ে বড় চোর হলো সে ব্যক্তি, যে তার নামাজ চুরি করে।’ সাহাবিরা জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল! সে কিভাবে নামাজ চুরি করে?’ নবীজি (স.) বললেন, ‘সে নামাজে রুকু ও সেজদা পূর্ণ করে না।’ (মুসনাদে আহমাদ: ২২৬৯৫)
অন্য হাদিসে ইরশাদ হয়েছে, ‘যে পর্যন্ত কোনো ব্যক্তি রুকু ও সেজদায় তার পৃষ্ঠদেশ সোজা না করবে, তার সালাত যথার্থ হবে না।’ (আবু দাউদ: ৮৫৫; মেশকাত: ৮৭৮)
ঠোকর মারা নামাজ: কঠিন সতর্কতা
এক ব্যক্তি দ্রুত রুকু ও সেজদা করছিলেন। নবীজি (স.) তা দেখে সাহাবিদের বললেন, ‘তোমরা কি এ লোকটিকে লক্ষ্য করেছ? এভাবে নামাজ আদায় করে কেউ যদি মারা যায়, সে মুহাম্মদের মিল্লাত ছাড়া অন্য মিল্লাতে মারা যাবে। কাক যেমন রক্তে ঠোকর মারে, সে তেমনি নামাজে ঠোকর মারছে।’ (সহিহ ইবনে খুজায়মা: ৬৬৫; আলবানি, ছিফাতু সালাতিন নাবী, পৃষ্ঠা: ১৩১)
আরেক হাদিসে জায়দ ইবনু ওয়াহাব (রহ.) বলেন, ‘হুজাইফা (রা.) এক ব্যক্তিকে দেখলেন, সে রুকু ও সেজদা সঠিকভাবে করছে না। তিনি বললেন, তোমার সালাত হয়নি। যদি তুমি এ অবস্থায় মারা যাও, তাহলে আল্লাহ তাআলা মুহাম্মদ (স.)-কে যে আদর্শ দিয়েছেন, তার বাইরে মারা যাবে।’ (সহিহ বুখারি: ৭৯১; ফাতহুল বারি, ২/২৭৪ পৃষ্ঠা)
নামাজ শুধু রুকু-সেজদার সমষ্টি নয়; এটি মনোযোগ, বিনয়, ও ধীরস্থিরতার ইবাদত। যে ব্যক্তি রুকু ও সেজদা যথাযথভাবে সম্পন্ন করে না, সে নবীজির নির্দেশনা থেকে বিচ্যুত হয় এবং তার নামাজ শুদ্ধ থাকে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মনোযোগ, একনিষ্ঠতা ও ধীরস্থিরতার সঙ্গে নামাজ আদায়ের তাওফিক দিন। রুকু-সেজদা যথাযথভাবে আদায় করার ক্ষমতা দান করুন। আমিন।