সিএসই ও সিএফএফইএক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষর
সংগৃহীত
ওয়ার্ল্ড ফেডারেশন এক্সচেঞ্জসের (ডব্লিউএফই) বার্ষিক সাধারণ সভা শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসি এবং চায়না ফিনান্সিয়াল ফিউচারস এক্সচেঞ্জ কো. লিমিটেডের (সিএফএফইএক্স) মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
গত ২১ অক্টোবর তুরস্কের ইস্তানবুল শহরের রিক্সোস টারসেন হোটেলের হাসকয় হলে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এ সমঝোতা স্মারকে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার এবং সিএফএফইএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াওগেং ঝ্যং স্বাক্ষর করেন। এ সময় সিএফএফইএক্সের ঊর্ধ্বতন কর্মকর্তা শেন সুয়াং এবং ফেং ইউ উপস্থিত ছিলেন।
সোমবার (২৭ অক্টোবর) সিএসইর জনসংযোগ কর্মকর্তা তানিয়া বেগম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মূলত দ্বিপাক্ষিক অংশিদারিত্বের মাধ্যমে বাংলাদেশে টেকসই ডেরিভেটিভস বাজারের উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার জন্য এই সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে রয়েছে, তথ্যের আদান-প্রদান করা, প্রশিক্ষণ এবং নলেজ শেয়ারিং অনুষ্ঠানের আয়োজন করা, ব্যবসায়িক উন্নয়নে সক্রিয় সহায়তা প্রদান করা ও বিশেষ করে বাংলাদেশের ডেরিভেটিভস পণ্যের প্রচার করা।
সিএসই আশা করছে, এই দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সিএসই এবং সিফেক্স বাংলাদেশে সুসংগঠিত ডেরিভেটিভ বাজার স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।