স্কুল অব কমেডি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ছবি: সংগৃহীত
বাংলাদেশের স্ট্যান্ড-আপ কমেডি চর্চার অভিনব উদ্যোগ “School of Comedy” পরবর্তী শো অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ব্যাকবেঞ্চার্স কমিউনিকেশনস আয়োজিত এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নাটমণ্ডল মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই শো।
হেডমাস্টারের ভূমিকায় শোয়ে থাকবেন জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান, লেখক ও পারফর্মার আবু হেনা রনি। টানা এক ঘণ্টার পরিবেশনায় তিনি হাসি ও বিনোদনের কী রূপ দেখাবেন তা জানতে হলে আসতে হবে ঠিক সন্ধ্যা ৭টায়।
শোয়ের লক্ষ্য— হিউমারকে শেখার উপযোগী করে তোলা, তরুণ শিল্পীদের জন্য অনুশীলনের নিত্যদিনের এক প্ল্যাটফর্ম তৈরি এবং বাংলাদেশে স্ট্যান্ড-আপ কমেডিকে নতুনভাবে প্রতিষ্ঠা করা।
আবু হেনা রনি বলেন, “নাটমণ্ডল মিলনায়তনে শো আয়োজনের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়-পরিসরের তরুণ শিল্পী ও দর্শকদের আরও কাছে পৌঁছাতে চাই। কমেডির মধ্য দিয়ে ইতিবাচকতা, পর্যবেক্ষণশক্তি ও সামাজিক সংবেদনশীলতা—সবটাই শেখা যায়।”
টিম ব্যাকবেঞ্চার্স এর পক্ষ থেকে বলা হয়- হাসি শুধু বিনোদন নয়—এটা শেখা, থেরাপি আর ভাগাভাগির অসাধারণ মাধ্যম। ‘School of Comedy’ সেই ভাবনাকেই বাস্তবায়ন করছে। আমরা চাই মানুষ নতুন করে শিখুক কীভাবে মন খুলে হাসতে হয়, আর সেই হাসি ছড়িয়ে দিতে হয় চারপাশে।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্কুল অব কমেডির স্লোগান ‘এখানে উচিত শিক্ষা দেওয়া হয়’ কথাটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। রনি ও তার দল মনে করেন এর কারণ হলো দর্শকদের মনে, হাসতে হাসতে পাওয়া শিক্ষাগুলো জীবনে সবচেয়ে বেশি মনে থাকে। তাই তারা এই স্লোগানটি পছন্দ করেছেন।
উল্লেখ্য যে, এই বিশেষ অনুষ্ঠানের সকল অর্থ মানবিক সহায়তার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের এক আহত শিক্ষার্থীর চিকিৎসার জন্য উৎসর্গ করা হবে। এ উদ্দেশ্যে শোয়ের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ ও ৩০০ টাকা মাত্র।