কখন দাঁত ব্রাশ করা সবচেয়ে ভালো
ছবিঃ সংগৃহীত
দাঁত নিয়ে সচেতনরা সকালে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করেন। অনেকের মতে, দাঁত ব্রাশ করতে হয় সকালের নাশতার পরে।
আমাদের দেশের শতকরা ৯৫ ভাগ মানুষই এ কাজটি করে থাকেন। কেউ কেউ আবার ২৪ ঘণ্টায় তিনবার ব্রাশ করার কথা বলেন। প্রশ্ন হলো, কখন দাঁত ব্রাশ করা উচিত, খাবারের আগে নাকি পরে? দিনে কতবার করা উচিত?
সকালে নাশতার আগে-পরে
ঘুম থেকে ওঠার পর প্রথমে দাঁঁত ব্রাশ করা উচিত। সকালে নাশতা খাওয়ার আগে ব্রাশ করলে দাঁতের এনামেল ঠিক থাকে। মুখের ভেতরটা তুলনামূলক বেশি সুস্থ থাকে। সকালে খাবারের আগে একবার ব্রাশ করে খাবার খাওয়ার পরও ব্রাশ করা যেতে পারে। সে ক্ষেত্রে খাবার খাওয়ার পর ৩০ থেকে ৬০ মিনিট অপেক্ষা করে তারপর ব্রাশ করতে হবে।
ঘুমানোর আগে
বিছানায় শুতে যাওয়ার ঠিক আগে দাঁত ব্রাশ করা উচিত। রাতে আট ঘণ্টা ঘুমানো হলো অর্থ প্লাক অ্যাসিডের দীর্ঘস্থায়ী সংস্পর্শে থাকা। কোনো পদক্ষেপ না নিলে লালা কম থাকা অবস্থায় ব্যাকটেরিয়া বৃদ্ধি পাবে এবং দাঁত ও মাড়ির রোগের ঝুঁকি বাড়াবে।
বিশেষজ্ঞরা বলছেন, রাতে দাঁত ব্রাশ করা সবচেয়ে জরুরি। কারণ খাওয়ার পরে ব্রাশ না করলে কার্বোহাইড্রেট দাঁতের মধ্যে আটকে যায়। ফলে দাঁত ক্ষয় হতে শুরু করে। এরপর মাড়ি ফুলে যায়, দাঁত ক্ষয়ে যাওয়ায় মুখ থেকে দুর্গন্ধ আসে এবং দাঁতে প্রচণ্ড ব্যথার সমস্যা হয়।
দিনে কয়বার ব্রাশ করা প্রয়োজন
ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন ডা. হিজবুল্লাহ বাশার সরকার বলেন, ২৪ ঘণ্টায় দুইবার এবং সর্বোচ্চ ২ মিনিট করে ব্রাশ করা সবচেয়ে ভালো। এতে দাঁতের ব্যাকটেরিয়াজনিত ক্ষয় রোধ হয়, পাশাপাশি মাড়ি ভালো থাকে।
ডায়াবেটোলজিয়ায় প্রকাশিত গবেষণায় দেখা গেছে, দিনে তিনবার বা তার বেশি দাঁত ব্রাশ করলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ৮% কমে যায়।