‘দম’ সিনেমায় মেহজাবীন!
ছবি: সংগৃহীত
ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিয়মিত মেহজাবীন চৌধুরী। এরইমধ্যে তার মুক্তিপ্রাপ্ত প্রিয় মালতী ও সাবা সিনেমা দুটি দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে। এবার গুঞ্জন উঠেছে, ‘দম’ সিনেমার যুক্ত হয়েছেন অভিনেত্রী।
তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি ছবির পরিচালক রেদওয়ান রনি। পাশাপাশি মুঠোফোনে পাওয়া যায়নি মেহজাবীনকেও। তবে সিনেমাটির সঙ্গে যুক্ত একটি সূত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে– আফরান নিশো, চঞ্চল চৌধুরীর সঙ্গে মেহজাবীন অভিনয় করছেন এই সিনেমায়।
এর আগে গুঞ্জন উঠেছিল, পূজা চেরি আছেন দম-এ। তবে সেসময় পূজা কিংবা প্রযোজনা সংস্থা মুখে তালা এঁটে ছিলেন। এবার মেহজাবীনের নাম আসতেই অনেকে ভাবছেন, তবে কি কপাল পুড়ল পূজার?
এদিকে শিগগিরই হতে পারে পূজা-মেহজাবীন রহস্যের সমাধান। কেননা আজ বুধবার গুলশানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দমের সংবাদ সম্মেলন। সেখানে সিনেমাটি নিয়ে যাবতীয় কৌতূহলের অবসান ঘটবে বলে ধারণা করা হচ্ছে।
গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। শুধু বাংলাদেশে নয়, সৌদি আরব, জর্ডান এবং কাজাখস্তানের নানা লোকেশনে চলছে দৃশ্যধারণ। প্রযোজনা সংস্থা এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি যৌথভাবে সিনেমাটি নির্মাণ করছে।