৪৩ বছর পার করল সুন্দরবন কুরিয়ার সার্ভিস

৪৩ বছর পার করল সুন্দরবন কুরিয়ার সার্ভিস

সংগৃহীত ছবি

দিনব্যাপী নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। দেশের প্রথম কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠানটির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা হয়। শনিবার রাজধানীর উত্তরায় নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়। 

দিনের শুরুতে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্ত'র মাজার জিয়ারত করা হয়। এসময় পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেমের চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবির, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য চিত্রশিল্পী আফরোজা বেগম, প্রতিষ্ঠানটির ভাইস-চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান পুলক। এ ছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এ. বরকত বাবু, পরিচালক ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান চৌধুরী খান বাপ্পী, পরিচালক আবুল হাসেমসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

১৯৮৩ সালে বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্ত জনগণের দোরগোড়ায় দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য ডাক ও পার্সেল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠা করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় তাকে 'লিজেন্ড অব কুরিয়ার' উপাধিতে ভূষিত করে সম্মাননা স্মারক প্রদান করেছে।

বর্তমানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সারাদেশে দুই শতাধিক নিজস্ব শাখা ও ছয় শতাধিক এজেন্সির মাধ্যমে বছরে ৩৬৫ দিন নিরবচ্ছিন্ন সেবা প্রদান করে আসছে।