আশুগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ২

আশুগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ২

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৭০ কেজি গাঁজা ও ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আশুগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার মাইজখার গ্রামের ছেলে মো. জালাল (২৬) ও সিলেটের জকিগঞ্জ উপজেলার খোলাছড়া ইউপির লোহার মোল গ্রামের মো. আমির হোসেন (৩৮)। 

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম জানান, ভোর সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তল্লাশি করে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

সকাল সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ রওশন আরা জলিল গালর্স স্কুল এন্ড কলেজে সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর থেকে পিকআপ ভ্যানসহ মো. জালালকে গ্রেপ্তার করা হয়। পরে পিকআপ ভ্যান তল্লাশি করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।