ঢাকা-৯ আসন থেকে লড়বেন তাসনিম জারা

ঢাকা-৯ আসন থেকে লড়বেন তাসনিম জারা

ডা. তাসনিম জারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ৯ নম্বর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। দলটির প্রাথমিক খসড়া প্রার্থী তালিকায় তার নাম রয়েছে বলে এনসিপির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

দলীয় সূত্র জানায়, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি, তবে সম্ভাব্য প্রার্থীদের সংশ্লিষ্ট আসনে জনসংযোগ ও নির্বাচনি প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। চূড়ান্ত তালিকা প্রকাশের পর এনসিপি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করবে।

রোববার রাজধানীর দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ৩০০ আসনেই প্রার্থী দেব। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে।’ তিনি আরও জানান, জুলাই সনদ নিয়ে জটিলতা কাটলেও যথাসময়ে নির্বাচন হবে কিনা, সে বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

দলীয় খসড়া তালিকা অনুযায়ী, আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা-১১ আসনে, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ আসনে, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা-১৪ আসনে, আকরাম হুসেইন ঢাকা-১৩ আসনে, খান মুহাম্মদ মুরসালীন ঢাকা-৬ আসনে, ইমরান হোসেন ঢাকা-২ আসনে এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা লড়বেন ঢাকা-৯ আসনে।