ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু
প্রতিকী ছবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত দুরপতি রানী (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মারা যাওয়া দুরপতি রানী সুনামগঞ্জের দিরাই থানা এলাকার রমেশ তালুকদারের স্ত্রী।
হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. জাকিউল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১ নভেম্বর সকাল ৮টার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন দুরপতি রানী। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এরই মধ্যে তাকে আইসিইউতে নেওয়া হলে বুধবার সকাল ১০টার দিকে মারা যান তিনি।
ডা. মো. জাকিউল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৫২ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে মোট ৯৯ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে পুরুষ রয়েছেন ৭১ জন, নারী ২২ জন ও শিশু রয়েছে ছয়জন।
তিনি আরও বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত এক হাজার ৭০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে।