নলছিটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
প্রতিকী ছবি
ঝালকাঠির নলছিটিতে পৃথক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ ২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৩ জন।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জেলার নলছিটি উপজেলার বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের সামনে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের যাত্রী র্যাব সদস্য আনোয়ার আকন (৩৮) নিহত হন। এ সময় তার মেয়েসহ আরও ৩ যাত্রী গুরুতরভাবে আহত হয়। আনোয়ার দপদপিয়া ইউনিয়নের দুধরিয়া এলাকার আ. খালেক আকনের ছেলে। তিনি র্যাব-৪ এ কর্মরত ছিলেন।
অপরদিকে, দুপুর সাড়ে ১২ টার দিকে একই উপজেলার প্রতাপ এলাকার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে ঝালকাঠি-বরিশাল মহাসড়কে আয়ফুল বেগম (৭০) নামে এক পথচারী অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। নিহত আয়ফুল বেগম ঢাপর এলাকার মৃত কাছেম আলী হাওলাদারের স্ত্রী।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, দুপুরে প্রতাপ এলাকায় এক নারী নিহত হয়েছেন। বিকেলে বাস ও অটোরিকশা সংঘর্ষ একজন নিহত হয়েছেন। তাদের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। মৃতদেহের প্রাথমিক সুরাতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।