ক্ষমা চাইলেন সাবেক এমপি ফরহাদ

ক্ষমা চাইলেন সাবেক এমপি ফরহাদ

সংগৃহীত

জনসভায় প্রকাশ্যে আইনজীবীদের টাউট-বাটপার বলায় ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ। তিনি বলেন, অনিচ্ছাকৃতভাবে ও অসাবধানতাবশত আইনজীবীদের নিয়ে এমন বক্তব্য দিয়েছিলাম।

শুক্রবার বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

ফরহাদ বরিশাল-৪ আসনের সাবেক এমপি ও আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

সংবাদ সম্মেলনে ফরহাদ বলেন, ৫ নভেম্বর বাবুগঞ্জ উপজেলায় অনুষ্ঠানে বক্তব্যকালে অনিচ্ছাকৃতভাবে শব্দচয়নে ভুলের কারণে আমি আইনজীবী সম্প্রদায় সম্পর্কে একটি মন্তব্য করে ফেলি, যা পরবর্তীতে আমার কাছে অনুতাপের কারণ হয়ে দাঁড়ায়। আমি উপলব্ধি করেছি, এটি ভুল ছিল। যার কারণে আইনজীবী সমাজে তুমুল ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ৬ নভেম্বর বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা আইনজীবী সমিতির সদস্যরা। সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা ফরহাদকে অবাঞ্ছিত ঘোষণা করেন। তা ছাড়া একই দিন সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জে বিক্ষোভ এবং ফরহাদের কুশপুত্তলিকা দাহ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের অনুসারীরা। পরে ঘটনাটি নিয়ে অনুতাপ প্রকাশ করে নিজের অবস্থান স্পষ্ট করেন সাবেক এমপি ফরহাদ।