ঢাকা কলেজে উন্মুক্ত লাইব্রেরি ‘ক্যাফেব্রেরিয়া’ স্থাপন ছাত্রদলের

ঢাকা কলেজে উন্মুক্ত লাইব্রেরি ‘ক্যাফেব্রেরিয়া’ স্থাপন ছাত্রদলের

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের অবসর সময়কে জ্ঞানচর্চার মাধ্যমে অর্থবহ করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য আসিফ হোসাইন জিদান। রোববার (৯ নভেম্বর) ঢাকা কলেজ ক্যাম্পাসে ক্যাফেটেরিয়ায় তাঁর ব্যক্তিগত উদ্যোগে উদ্বোধন করা হয় ‘ক্যাফেব্রেরিয়া’ নামের উন্মুক্ত লাইব্রেরি।

শিক্ষার্থীদের ব্যক্তিগত বিকাশ, জীবনবোধ ও সৃজনশীল চিন্তার জন্য আলাদা কোনো অপ্রাতিষ্ঠানিক লাইব্রেরি ছিল না। সেই শূন্যতা পূরণ করতেই এগিয়ে আসেন আসিফ হোসাইন জিদান। তিনি ক্যাফেটেরিয়ার এক কোণে গড়ে তোলেন ‘ক্যাফেব্রেরিয়া’—যেখানে পাঠ্যবইয়ের বাইরে জীবনের নানা বিষয়, সাহিত্য, দর্শন, ইতিহাস ও রাজনীতি বিষয়ক বই রাখা হয়েছে শিক্ষার্থীদের জন্য উন্মুক্তভাবে।

ঢাকা কলেজের ক্যাফেটেরিয়া বহু বছর ধরেই শিক্ষার্থীদের আড্ডা ও আলোচনার কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। দিনের বিভিন্ন সময় এখানে বসে শিক্ষার্থীরা যেমন বন্ধুত্বের বন্ধন গড়ে তোলেন, তেমনি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও মতবিনিময়ে ব্যস্ত থাকেন। সেই আড্ডাস্থলকে জ্ঞানচর্চার কেন্দ্র বানানোর স্বপ্ন থেকেই এসেছে এই ধারণা।

উদ্যোগের মূল উদ্যোক্তা জিদান বলেন, ‘দিনের অনেকটা সময় শিক্ষার্থীরা এখানে কাটায়। আমি ভাবলাম, সেই সময়টা যদি বই পড়ার মাধ্যমে একটু জ্ঞানচর্চায় রূপ নেয়, তাহলে সেটাই হবে ক্যাম্পাসের জন্য সবচেয়ে বড় অর্জন। ক্যাফেব্রেরিয়া মূলত শিক্ষার্থীদের জন্য জ্ঞান ও আনন্দের এক মিলনস্থল।’

তিনি আরও বলেন, ‘ঢাকা কলেজ ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে এসেছে। আমাদের রাজনীতি শিক্ষার্থী-কেন্দ্রিক। আমরা চাই, ক্যাম্পাসে কেউ যেন জ্ঞানের অভাবে পিছিয়ে না পড়ে।’

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘রাজনীতি মানে শুধু আন্দোলন বা দাবি নয়, সমাজ ও শিক্ষার্থীদের জন্য ইতিবাচক কিছু করা। জিদানের এই প্রচেষ্টা অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষসহ কলেজের শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। সবাই ‘ক্যাফেব্রেরিয়া’কে শিক্ষাবান্ধব এক নতুন দিগন্ত হিসেবে উল্লেখ করেন।

ব্যবস্থাপনা বিভাগের ২০২২–২৩ সেশনের শিক্ষার্থী মিরাজ বলেন, ‘ঢাকা কলেজে দীর্ঘদিন ধরে এমন একটি উন্মুক্ত লাইব্রেরির অভাব ছিল। জিদান ভাই এই উদ্যোগ নিয়ে সত্যিই অসাধারণ কাজ করেছেন। এখন আমরা চাই, সবাই মিলে এটিকে টিকিয়ে রাখি।’

সহযোগিতায় ছিলেন রাকিবুল ইসলাম রাজ, মোহাম্মদ বাঁধন, মিরাজ, সাব্বির, আশিকুর রহমানসহ আরও অনেকে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় সাজানো হয়েছে ক্যাফেব্রেরিয়ার প্রথম বইয়ের তাক।

‘ক্যাফেব্রেরিয়া’ এখন থেকে প্রতিদিন কলেজ ক্যাফেটেরিয়ায় সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে। এখানে বই পড়া, আদান–প্রদান ও আলোচনা করার সুযোগ থাকবে সবার জন্য। এই উদ্যোগ শুধু একটি লাইব্রেরি নয়—ঢাকা কলেজে এটি হয়ে উঠছে মুক্ত চিন্তা ও জ্ঞানচর্চার নতুন প্রতীক।

ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য আসিফ হোসাইন জিদানের সার্বিক তত্ত্বাবধানে আজ ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত লাইব্রেরি হিসেবে ক্যাফেব্রেরিয়া উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে ঢাকা কলেজের অধ্যক্ষ মহোদয়, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসানসহ আরও শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।