মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে মারধরের অভিযোগ

মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে মারধরের অভিযোগ

প্রতিকি ছবি

মামলায় আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে তারেক রহমান নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে গিয়ে মারধর করার পর ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষরসহ তার দুটি ব্যাংকের চেক ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বাদীপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।  

সোমবার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা ব্রিজ টোল ঘরের কাছে ঘটনাটি ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউপির বালিয়াদিঘী ধনিপাড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে তারেক রহমানের সাথে চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার আরামবাগ মহল্লার মৃত গোলাম মোস্তফার ছেলে নুরুজ্জামান আম্বিয়ার বিরোধ রয়েছে। 

ওই বিরোধের জেরে নুরুজ্জামান আম্বিয়া ২০২২ সালে তারেক রহমানের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় হাজিরা দিয়ে গত সোমবার বিকেলে তারেক রহমান সিএনজিযোগে বাড়ি যাবার পথে মহানন্দা সেতু টোলপ্লাজার কাছে গেলে নুরুজ্জামান আম্বিয়াসহ অজ্ঞাতনামা ৮/১০ জন তার পথরোধ করে তাকে মোটরসাইকেলে করে একটি আমবাগানে নিয়ে যায়।

পরে তাকে বেধরক মারধর করে ৬টি একশ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয় এবং তার কাছে থাকা উত্তরা ব্যাংকের একটি স্বাক্ষরিত চেক ও ব্যাংকের চেকের একটি পাতা কেড়ে নেয়।

এ ব্যাপারে সদর থানার ওসি শাহীন আকন্দ জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।