আখেরি মোনাজাতে শেষ হলো কেরানীগঞ্জে তাবলিগের জোড় ইজতেমা
সংগ্রহীত ছবি
আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো কেরানীগঞ্জে তাবলিগ জামাত বাংলাদেশের (সা’দপন্থী) পাঁচ দিনের জোড় ইজতেমা।
গতকাল মঙ্গলবার লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা। সকাল ১০টা ৫৫ মিনিটে শুরু হওয়া আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগের বিশ্ব আমির মাওলানা সা’দ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভি। এতে সারা দেশ থেকে আসা তাবলিগের সাথী ছাড়াও আশপাশের এলাকার মুসল্লিরা অংশ নেন।
এর আগে ফজরের পর হেদায়েতি বয়ান পেশ করেন মুফতি ইউসুফ বিন সা’দ কান্ধলভি, আর তরজমা করেন কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা মনির বিন ইউসুফ।
গত ৭ নভেম্বর থেকে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের মিকাইল এলাকায় শুরু হওয়া এই জোড় ইজতেমা গতকাল সকাল পর্যন্ত চলে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, এক বর্গকিলোমিটারজুড়ে বিশাল ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে আশপাশের রাস্তাঘাট ও মাঠেও মুসল্লিরা অবস্থান নেন।