চাঁদপুরের ফরিদগঞ্জে ধাওয়া দিয়ে গুলি করে বিক্রয় প্রতিনিধিকে হত্যা
সংগ্রহীত ছবি
চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তের গুলিতে রুহুল আমিন (৩৭) নামের এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টায় উপজেলার রুস্তমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালী গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসানের ছেলে। তিনি সিটি গ্রুপের বেঙ্গল টি-এর বিক্রয় প্রতিনিধি ছিলেন।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, দুই যুবক মোটরসাইকেল নিয়ে আরেক মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করে। এ সময় ওই ব্যক্তি ডাকাত ডাকাত বলে চিৎকার করেন। একটু পর স্থানীয় সমিতির পুলের কাছে মাথায় গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখেন মোটরসাইকেল আরোহীকে (রুহুল আমিন)।
সোহাগ নামে আরেক যুবক জানান, ঘটনার সময় সড়কের পাশের খালে টেঁটা দিয়ে মাছ শিকার করছিলেন তিনি।
গুলির শব্দ পেয়ে তিনিও ডাকাত বলে চিৎকার দেন। এতে ওই দুর্বৃত্তরা তাকেও গুলি করার চেষ্টা করে। নিজের হাতে থাকা টেঁটা ছুড়ে মারেন মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তদের দিকে। এতে দুর্বৃত্তদের একজন টেঁটা বিদ্ধ হয়ে মোটরসাইকেলেই ঘটনাস্থল ত্যাগ করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, দুর্বৃত্তদের গুলিতে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আব্দুর রকিব বলেন, দুর্বৃত্তরা পাইপগান বা শটগান দিয়ে ওই ব্যক্তিকে হত্যা করে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আমরা কথা বলেছি। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি।
প্রাথমিকভাবে সবকিছু বিশ্লেষণ করে মনে হচ্ছে, ঘটনার সঙ্গে দুজন ব্যক্তি সম্পৃক্ত। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।