নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস নির্মূলে ডাকসুর গণজমায়েত ও বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস নির্মূলে ডাকসুর গণজমায়েত ও বিক্ষোভ মিছিল

সংগৃহীত

নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল ও ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে শিক্ষার্থীদের নিয়ে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) । বুধবার (১২ নভেম্বর)  রাত ৮ টার দিকে বিভিন্ন হল থেকে মিছিল করে শিক্ষার্থীরা ডাকসুর সামনে জমায়েত হয়। এরপর তারা ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন নেতারা।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, “আওয়ামীলীগ কোন রাজনৈতিক দল নয়। আওয়ামীলীগ সন্ত্রাসী সংগঠন। আওয়ামীলীগের রাজনীতি ৩৬ জুলাই শেষ হয়ে গেছে। এই আওয়ামীলীগের দালালদের যেখানেই পাওয়া যাবে প্রতিহত করতে হবে। আজকে দের বছর পর‌ও হাসিনার বিচারের জন্য রাস্তায় নামতে হচ্ছে। এই দায়িত্ব অন্তবর্তীকালীন সরকারের ছিল। খুনি হাসিনার ফাঁসিই বাংলাদেশে হবে। তার দোসরদের বিচার এই দেশেই হবে।”

সাদিক কায়েম আরও বলেন, “যারা খুনি হাসিনাকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছেন— সেটা যেই রাজনৈতিক দল‌ই হোক, ছাত্র সংগঠন হোক; ইন্টারিমের মধ্যে যারা ফ্যাসিবাদীর দোসর হিসেবে কাজ করছেন তাদের সাবধান করে দিতে চাই, সাবধান হয়ে যান।”

খুনি হাসিনার বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আজকে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য, ছাত্র সংগঠনগুলোর মধ্যে অনৈক্য। আপনারা এই অনৈক্য দূর করে জাতীয় ঐক্য গড়ে তুলুন।”

তিনি বলেন, “আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি মোড়ে মোড়ে অবস্থান নেব। আমরা দেখতে চাই আওয়ামীলীগের দোসররা কোথায়? তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই দমন করা হবে। এক‌ই সাথে আগামীকাল যেখানেই আওয়ামী দোসরদের দেখতে পাবেন তাদেরকে ধরে থানায় দিবেন, বিচারের আওতায় নিয়ে আসবেন।”