গোয়ালঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গোয়ালঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিকি ছবি

ফটিকছড়ির কাঞ্চননগরে গোয়ালঘর থেকে ইয়াসমিন আকতার শাখি (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শাখি স্থানীয় কৃষক বাদশা মিয়ার স্ত্রী এবং দুই সন্তানের জননী।

শুক্রবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মানিকপুর মনু তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে স্বামী বাদশা মিয়া নামাজ শেষে নাস্তা করে কৃষিকাজে মাঠে যান। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে তিনি স্ত্রীকে না পেয়ে চারদিকে খুঁজতে থাকেন। একপর্যায়ে ঘরের সামনে গোয়ালঘরে গিয়ে দেখেন, তার স্ত্রী দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ঝুলছে। স্বামীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে লাশ উদ্ধার করে বাড়িতে এনে পুলিশকে খবর দেয়।
স্থানীয় ইউপি সদস্য মো. আবছার উদ্দিন জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। 

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইয়াসিন বলেন, গোয়ালঘর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়নাতদন্ত করা হবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।