নবীনগরে সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার
সংগ্রহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান আবদুর রউফ (৬৫) এবং শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ওরফে ধনু মেম্বারকে (৭৫) পুলিশ গ্রেপ্তার করেছে।
শনিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রউফ চেয়ারম্যানকে এবং রবিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে ধনু মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে।
নবীনগর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক রাতে কালের কণ্ঠকে দুজনের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
গ্রেপ্তার হওয়া জিনোদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আবদুর রউফ চেয়ারম্যান এবং শ্যামগ্রামের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ধনু মেম্বার দুজনেই বীর মুক্তিযোদ্ধা।
এদিকে আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতার গ্রেপ্তারের খবর রাতেই ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে ফের গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে কি কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি জানতে নবীনগর থানার ওসি শাহীনূর ইসলামের সঙ্গে রাতে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা যায়নি।
তবে রাত দেড়টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক কালের কণ্ঠকে বলেন, ‘দুজনের গ্রেপ্তারের বিষয়টিই সত্য। তবে কি কারণে বা কি অভিযোগে তারা গ্রেপ্তার হয়েছেন, তার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এদিকে সর্বশেষ খবরে রাত ২টায় নবীনগর সদরে বসবাসরত দন্ত চিকিৎসক দস্তগীর আলম কালের কণ্ঠকে জানান, তার বড় ভাই উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রাম্য চিকিৎসক আবু জাফর জামালকে (৬০) পুলিশ তাদের গ্রামের বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। এ বিষয়ে রাত ২টার পর পুলিশের সংশ্লিষ্টদের সঙ্গে এ নিয়ে বারবার চেষ্টা করেও কথা বলা যায়নি।