কম্পিউটারে একই সঙ্গে দুটি হেডফোন কানেক্ট করার সুবিধা এলো

কম্পিউটারে একই সঙ্গে দুটি হেডফোন কানেক্ট করার সুবিধা এলো

ছবি: সংগৃহীত

মাইক্রোসফট উইন্ডোজ ১১-এ একের পর এক দরকারি সুবিধা যোগ করছে, যেগুলোর কিছু আগামী কয়েক মাসের মধ্যেই সাধারণ ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে। সর্বশেষ উইন্ডোজ ১১ পরীক্ষামূলক সংস্করণে (প্রিভিউ বিল্ড) ভবিষ্যতে আসতে যাওয়া বেশ কিছু নতুন সুবিধা দেখা গেছে, যা ধীরে ধীরে বেশি সংখ্যক ব্যবহারকারীর কাছে পৌঁছাবে।

সম্প্রতি মাইক্রোসফটের একটি বড় ভুল প্রকাশ্যে আসে—‘আপডেট অ্যান্ড শাটডাউন’ অপশনটি আসলে সিস্টেমকে বন্ধ না করে পুনরায় চালু করে দিচ্ছিল। তবে কোম্পানি জানিয়েছে, ভবিষ্যতের আপডেটে এটি ঠিক করা হচ্ছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি তার, স্প্লিটার বা অন্য কোনো সরঞ্জাম ছাড়াই দুইটি বেতার হেডফোন যুক্ত করার নতুন একটি উপায় পরীক্ষা শুরু করেছে।

পিসি ব্যবহারকারীদের জন্য আসছে উইন্ডোজ ১১ শেয়ার্ড অডিও

উইন্ডোজ ১১-এর পরীক্ষামূলক সংস্করণ স্মার্টফোনের বেটা ভার্সনের মতোই। এখানে নতুন সুবিধা সাধারণের জন্য ছাড়ার আগে নির্দিষ্ট ব্যবহারকারীদের মধ্যেই পরীক্ষা করা হয়।

নতুন এই ‘শেয়ার্ড অডিও’ সুবিধা একই সঙ্গে দুইটি অডিও ডিভাইস যুক্ত করার সুযোগ দেবে, যার ফলে একাধিক ব্যক্তি একই কম্পিউটারে মাল্টিপ্লেয়ার গেম খেলতে পারবে বা একটি ইয়ারবাড ভাগ না করেই সিনেমা দেখতে পারবে।

রিপোর্টে বলা হয়েছে, উইন্ডোজ শেয়ার্ড অডিও সুবিধা কাজ করবে ব্লুটুথ ‘লো এনার্জি’ প্রযুক্তির ওপর ভিত্তি করে, যাতে ব্যাটারি দ্রুত ফুরিয়ে না যায়।

তবে পরীক্ষামূলক সংস্করণে এখনো একটি বড় সীমাবদ্ধতা রয়েছে—এই সুবিধাটি দেওয়া হচ্ছে শুধু প্রিমিয়াম ‘কোপাইলট পিসি’ সমর্থিত মডেলে, যেখানে স্ন্যাপড্রাগন এক্স প্রসেসরযুক্ত সারফেস ল্যাপটপও রয়েছে।

সবাই কি এই সুবিধা পাবে?

এতে ধারণা করা হচ্ছে, শেয়ার্ড অডিও সুবিধা পেতে হয়তো দামি উইন্ডোজ ল্যাপটপ লাগতে পারে। তবে আশা করা হচ্ছে, মাইক্রোসফট শুরুতে উচ্চমানের ডিভাইসগুলোতে সীমাবদ্ধ রাখলেও ধীরে ধীরে উইন্ডোজ ১১-এর আপডেটের মাধ্যমে আরও বেশি ডিভাইসে এই সুবিধা উন্মুক্ত করবে। শর্ত হলো পিসিতে ব্লুটুথ লো এনার্জি অডিও সুবিধা থাকতে হবে।

যাদের পিসিতে প্রয়োজনীয় প্রযুক্তি আছে, তারা উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে যুক্ত হয়ে সর্বশেষ পরীক্ষামূলক সংস্করণ ইনস্টল করলে সেটিংস থেকে ‘শেয়ার্ড অডিও’ চালু করে দুটি বেতার হেডফোন বা ইয়ারবাড যুক্ত করতে পারবেন।

‘আপডেট অ্যান্ড শাটডাউন’ বিভ্রাট ঠিক করছে মাইক্রোসফট

কোম্পানি স্বীকার করেছে যে ‘আপডেট অ্যান্ড শাটডাউন’ কমান্ড দিলে সিস্টেম বন্ধ না হয়ে আবার চালু হয়ে যাচ্ছিল। তারা জানিয়েছে, সর্বশেষ উইন্ডোজ ১১ পরীক্ষামূলক সংস্করণে এই সমস্যার সমাধান করা হয়েছে। এখন থেকে শাটডাউন কমান্ড দিলে সিস্টেম ঠিকভাবেই বন্ধ হবে।