জকসু নির্বাচন : পূর্ণাঙ্গ ৫ প্যানেলে লড়বেন ২৪৯ জন

জকসু নির্বাচন : পূর্ণাঙ্গ ৫ প্যানেলে লড়বেন ২৪৯ জন

সংগ্রহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়া শেষ হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিভিন্ন পদে কেন্দ্রীয় ও হল সংসদ মিলে মোট ২৪৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে জোটসহ চারটি পূর্ণাঙ্গ প্যানেল গঠিত হয়েছে।

ঘোষিত প্যানেলগুলো হলো—ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রফ্রন্ট সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’।

শেষ হলো মনোনয়নপত্র জমা নেওয়া : কেন্দ্রীয়ভাবে ২১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

নির্বাচন কমিশন জানায়, ছাত্রী হলের মোট ৩৮টি মনোনয়নপত্র জমা হয়েছে। এর মধ্যে ছাত্রদল ১৬, ছাত্রী সংস্থার ১৩ এবং চিন্তকের পাঁচজন মনোনয়ন জমা দেন।

বাকিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শিবির প্যানেলের নেতৃত্বে রিয়াজুল-আরিফ : ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) পদে আইন ও ভূমি প্রশাসন বিভাগের আব্দুল আলিম আরিফ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা।

জাতীয় ছাত্রশক্তি সমর্থিত প্যানেল ঘোষণা : জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কিশোর আনজুম সাম্য, জিএস পদে ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষ ও শাখা ছাত্রশক্তির সভাপতি মো. ফয়সাল মুরাদ এবং সহসাধারণ সম্পাদক পদে ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শাহিন মিয়া নির্বাচন করবেন।

ছাত্রদলের ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল : ছাত্রদলের ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ পূর্ণাঙ্গ প্যানেলের সহসভাপতি মো. রাকিব (এ কে এম রাকিব), সাধারণ সম্পাদক খাদিজাতুল কুবরা এবং সহসাধারণ সম্পাদক বি এম আতিকুর রহমান তানজিল।

৯ সংগঠনের সমন্বয়ে ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেল : ৯টি প্রগতিশীল ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের জোট ‘মওলানা ভাসানী ব্রিগেড’ পূর্ণাঙ্গ প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন সংগীত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের গৌরব ভৌমিক, জিএস হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইভান তাহসিব এবং এজিএস পদে লড়বেন আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শামসুল আলম মারুফ।