পাকেতার পেনাল্টি মিসে তিউনিসিয়ার সঙ্গে ড্র করল ব্রাজিল

পাকেতার পেনাল্টি মিসে তিউনিসিয়ার সঙ্গে ড্র করল ব্রাজিল

সংগ্রহীত ছবি

২০২৬ বিশ্বকাপের আগে প্রস্তুতিতে আবারও হোঁচট খেল ব্রাজিল। ফ্রান্সের লিলেতে মঙ্গলবার রাতে প্রীতি ম্যাচে তিউনিসিয়ার সঙ্গে ১–১ গোলে ড্র করেছে কার্লো আনচেলোত্তির দল।

ম্যাচে দুই দলে সমান তালে লড়াই হলেও শুরুতে এগিয়ে যায় তিউনিসিয়া। ২৩ তম মিনিটে আলি আবদির দুর্দান্ত থ্রু পাস ধরে ঠান্ডা মাথায় ব্রাজিল গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন হাযেম মাসতৌরি।

আক্রমণে পিছিয়ে থাকা ব্রাজিল বিরতির আগে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায়। সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি তরুণ তারকা এস্তেভাও। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পঞ্চম গোল।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল আরও কিছু সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়।

৭৮ মিনিটে আরেকটি পেনাল্টি পায় সেলেসাও। এবার স্পট কিকে এগিয়ে আসেন বদলি খেলোয়াড় লুকাস পাকুয়েতা, কিন্তু বল ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন। 

৮৮তম মিনিটে ব্রাজিল আরো একটি পেনাল্টির দাবি তুললেও সেটা পাওয়া যায়নি। আর শেষ মুহূর্তে এস্তেভাওয়ের শট পোস্টে লেগে ফিরে এলে জয় বঞ্চিত হয় ব্রাজিল।

বিশ্বকাপ বাছাইপর্বে পঞ্চম স্থান হওয়া ব্রাজিলের জন্য এটি আরেকটি হতাশার ফল। গত মাসেই জাপানের কাছে ৩–২ গোলে হেরেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিকে অন্যান্য প্রীতি ম্যাচে সাদিও মানের হ্যাটট্রিকে সেনেগাল ৮–০ গোলে উড়িয়ে দেয় কেনিয়াকে। আইভরি কোস্ট ২–০ গোলে হারায় ওমানকে, আর মরক্কো ৪–০ গোলে পরাজিত করে উগান্ডাকে। উজবেকিস্তান ইরানের সঙ্গে গোলশূন্য ড্র করে, যদিও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সিটির ডিফেন্ডার আব্দুকদির খুসানভ।