বিনিয়োগের সাপ্লাই চেইন শক্তিশালী করতে নতুন প্ল্যাটফর্ম
সংগৃহীত
টেকসই বাণিজ্য ও বিনিয়োগ আরো শক্তিশালী করতে এবং সাপ্লাই চেইন স্থিতিশীল করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাণিজ্য মন্ত্রণালয়, আইএলও ও ইউএনডিপির যৌথ উদ্যোগে নতুন প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বিডার কনফারেন্স হলে ‘টেকসই বাণিজ্য ও বিনিয়োগের জন্য স্থিতিশীল সাপ্লাই চেইন প্ল্যাটফর্ম’-এর উদ্বোধন করা হয়। এই প্ল্যাটফর্ম ভবিষ্যতে সমন্বিত নীতি-সংলাপ, দক্ষতা উন্নয়ন ও জ্ঞানবিনিময়ের মাধ্যমে দেশের বাণিজ্য-বিনিয়োগ কাঠামো আরো টেকসই ভিত্তিতে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিডা, বাণিজ্য মন্ত্রণালয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর যৌথ উদ্যোগে ‘টেকসই বাণিজ্য ও বিনিয়োগের জন্য স্থিতিশীল সাপ্লাই চেইন প্ল্যাটফর্মের’ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, ‘‘এলডিসি উত্তরণ বাংলাদেশের জন্য নতুন প্রতিযোগিতামূলক সক্ষমতা গড়ে তোলার সুযোগ। দক্ষতা, মূল্যসংযোজন, গুণগত মান ও ন্যায়সংগত প্রবৃদ্ধিকে সামনে রেখে এই প্ল্যাটফর্ম সরকার, বেসরকারি খাত ও উন্নয়ন অংশীদারদের একত্রিত করবে, যা আমাদের অর্থনীতির নতুন অধ্যায় রচনা করবে।’’
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘‘এক্ষেত্রে আমরা যেন স্পষ্ট রোডম্যাপ তৈরি করি এবং নিজেদের জবাবদিহির আওতায় রাখি, ২০২৬ সালের শেষে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, তা পরিষ্কারভাবে যেন সবাই জানতে পারে। এই প্ল্যাটফর্মে কথার চেয়ে বাস্তব অগ্রগতি মুখ্য।’’
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, ‘‘এলডিসি উত্তরণের পথে আমরা ইতোমধ্যে বিভিন্ন নীতিগত সংস্কার ও বৈশ্বিক মানের সঙ্গে আমাদের বাণিজ্য ও বিনিয়োগনীতির সামঞ্জস্য সাধনে কাজ করছি। এ প্রচেষ্টা দেশীয় ও বৈদেশিক বিনিয়োগ বাড়াতে এবং টেকসই প্রবৃদ্ধি ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।’’