জেনে নিন আলোবোখারার উপকারিতা

জেনে নিন আলোবোখারার উপকারিতা

ছবিঃ সংগৃহীত।

টক-মিষ্টি স্বাদের ছোট্ট কিন্তু পুষ্টিগুণে ভরপুর ফল আলুবোখারা। মাংসালো গঠনের কারণে এটি খেতে সুস্বাদু এবং বহুল ব্যবহৃত।চাষের জায়গা ও জাতভেদে এই ফলের রং লাল, কফি, নীল, হলুদ, ম্যাজেন্টা থেকে শুরু করে হালকা সবুজও হতে পারে।

সাধারণত গোল হলেও কিছু প্রজাতি হৃদয়াকৃতিরও পাওয়া যায়।

বাজারে সাধারণত এর শুকনা রূপই বেশি দেখা যায়, যা খাবারের স্বাদ বাড়াতে মসলা হিসেবেও জনপ্রিয়।

জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আলুবোখারার মৌসুম। এতে রয়েছে মিনারেল, আঁশ ও প্রয়োজনীয় ভিটামিন, বিশেষ করে ভিটামিন এ, সি, ই এবং পর্যাপ্ত পরিমাণ বি-ভিটামিন, যা স্নায়ু সুস্থ রাখার পাশাপাশি মানসিক চাপ কমাতে সহায়তা করে। প্রতি ১০০ গ্রাম আলুবোখারায় মাত্র ৫০ ক্যালরি থাকে, যা ওজন সচেতনদের জন্য উপযোগী।

আলুবোখারার উপকারিতা

চোখের যত্ন : ভিটামিন এ সমৃদ্ধ আলুবোখারা দৃষ্টিশক্তি ভালো রাখতে ও চোখের বিভিন্ন সমস্যা প্রতিরোধে সহায়ক।

হজম প্রক্রিয়া উন্নত করে : পর্যাপ্ত খাদ্যআঁশ থাকার কারণে এটি হজম ক্ষমতা বাড়ায়, রুচি বাড়ায় এবং পেটের সাধারণ সমস্যা কমাতে সাহায্য করে।

রক্তশূন্যতা দূর করে : আলুবোখারায় থাকা লৌহ শরীরে রক্ত তৈরি বাড়ায়। নিয়মিত আলুবোখারার আচার খেলে রক্তশূন্যতা কাটাতে সাহায্য করে।

রক্তচাপ নিয়ন্ত্রণে : ফলটিতে থাকা ভিটামিন কে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি কমায়।

হৃদযন্ত্রের সুস্থতায় : উচ্চ অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ আলুবোখারা ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে, যা হৃদযন্ত্রকে সুস্থ রাখে।

বয়সের ছাপ প্রতিরোধ : ত্বক কুঁচকে যাওয়া, ঢিলে হওয়া বা বয়সের ছাপ পড়া কমাতে আলুবোখারা কার্যকর। এটি ত্বক ও চুলের পুষ্টিতেও সহায়তা করে।

স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে : গবেষণা মতে, এতে থাকা ফাইটোনিউট্রিয়েন্টস ক্যান্সারজনিত ক্ষতিকর কোষ প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।

হাড় মজবুত করে : নিয়মিত আলুবোখারা খেলে হাড়ের গঠন ও শক্তি উন্নত হয়। বিশেষ করে মেনোপজ উত্তর নারীদের জন্য এটি উপকারী।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : ভিটামিন সি সমৃদ্ধ আলুবোখারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সহজে অসুস্থ হওয়া থেকে রক্ষা করে।

স্মৃতিশক্তি বাড়ায় : স্মৃতিশক্তি বাড়াতে আলুবোখারা কার্যকর বলে গবেষণায় দেখা গেছে। শিক্ষার্থীদের নিত্য আহারে এটি উপকারী হতে পারে।

সবশেষে বলা যায়, সহজলভ্য ও দীর্ঘদিন সংরক্ষণযোগ্য হওয়ায় আলুবোখারা নিয়মিত খাদ্যতালিকায় যুক্ত করা খুবই সহজ। খাবারের স্বাদ বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টি, রোগ প্রতিরোধ ও সুস্থ জীবনের সঙ্গী হতে পারে এই ক্ষুদ্র কিন্তু মূল্যবান ফলটি।