রাজধানীর ভাটারায় ফ্যানে ঝুলছিল রিকশাচালকের লাশ
প্রতিকী ছবি
রাজধানীর ভাটারার ছোলমাইদ এলাকা থেকে সাধু মিয়া (৩৭) নামের এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রিকশা হারিয়ে দিশাহারা হয়ে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৯ নভেম্বর) সকালে ছোলমাইদ পূর্বপাড়া কাজিবাড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সাধু শেরপুর সদর থানার ছনকান্দা মিয়াবাড়ির মৃত আফসার মিয়ার ছেলে। ছোলমাইদ এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, সাধুর স্ত্রী বাসাবাড়িতে কাজ করেন। গত মঙ্গলবার রাতে কাজ শেষে বাড়ি ফিরে দরজা বন্ধ দেখতে পান।
বারবার ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। ভেবেছিলেন, স্বামী ঘুমিয়ে পড়েছে। পরে সকালে দরজার ফাঁক দিয়ে দেখতে পান, ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে সাধু ঝুলে আছেন।
ভাটারা থানার এসআই মো. বোরহান উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে যাই।
এ সময় মৃত সাধু গলায় ফাঁস দেওয়া অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল। পরিবারের দাবি, সাধু কয়েক দিন আগে তাঁর রিকশা হারিয়ে ফেলেন। রিকশা মালিককে ক্ষতিপূরণের টাকা দেওয়ার চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।
একই সঙ্গে তদন্ত চলমান আছে।’
সাধুর শ্যালিকা লাকি আক্তার বলেন, ‘রিকশা হারানোর পর মালিক ক্ষতিপূরণের জন্য চাপ দিতে থাকেন। এতে তিনি (সাধু) মানসিকভাবে ভেঙে পড়েন। কারো সঙ্গে ঠিকমতো কথা বলতেন না, কাজেও যেতেন না। তিনি ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়েছেন।’