সাভারে ইটভাটা সচল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ

সাভারে ইটভাটা সচল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ

সংগ্রহীত ছবি

সাভারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানের প্রতিবাদে এবং ইটভাটা সচল রাখার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ইটভাটার মালিক ও শ্রমিকরা। এ সময় মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গতকাল বুধবার সকাল সোয়া ৯টা থেকে সাভারের তুরাগ এলাকায় ‘ভাকুর্তা ভাঙ্গা ব্রিজ’ সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

প্রথমে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। কিন্তু আন্দোলনকারীরা তাদের কথা না শুনে কর্মসূচি অব্যাহত রাখেন। এক পর্যায়ে দুপুর সোয়া ১২টার পর পরিবেশ অধিদপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অনুরোধে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যান।

আন্দোলনকারী শ্রমিকরা বলেন, সাভারের বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা, চিমনি গুঁড়িয়ে দেওয়াসহ ইটভাটা বন্ধ করে দিচ্ছে পরিবেশ অধিদপ্তর।

চলমান অভিযান বন্ধসহ ইটভাটা সচল রাখার দাবিতে বুধবার সকাল সোয়া ৯টার দিকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের ভাঙা ব্রিজ এলাকায় অবস্থান নেন বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিকরা। এ সময় তাঁরা মহাসড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়ে মহাসড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন পরিবহনের যাত্রীরা।

একতা ব্রিকসের মালিক মো. বাদশা মিয়া বলেন, ‘আমরা কোটি টাকা ঋণ করে ভাটা চালাই। সরকারি লোকজন আইসা ভাটা ভেঙে দেয়, জরিমানা করে।

আমাদের ইটভাটা চলতে দিতে হবে।’