আপনার ভোট আপনি দেবেন, অন্যকেউ দিতে পারবে না : মুহাম্মদ মুর্শেদ আলম

আপনার ভোট আপনি দেবেন, অন্যকেউ দিতে পারবে না : মুহাম্মদ মুর্শেদ আলম

সংগ্রহীত ছবি

ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মুর্শেদ আলম বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা, স্বাধীনভাবে কথা বলা ও স্বাধীনভাবে নিজের কাজ নিজে করতে পারেনি। তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। মিথ্যা মামলা দিয়ে বিরোধীদলের নেতাকর্মীদের বছরের পর বছর জেল খাটিয়েছে। এই ব্যবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে।

অন্যায় যে করবে, তার বিচার হবে। অন্যায় যে করবে না, তার বিচার করা যাবে না। তাকে মিথ্যা মামলা দিয়ে নির্দোষ মানুষকে জেলে রাখা যাবে না। যে দোষী, যে অপরাধী তার বিচার হবে।

মানুষের জান-মালের নিরাপত্তা দিতে হবে। আপনার কাজ আপনি করবেন। আপনারা কাজে অন্যায়ভাবে কেউ বাধা দিতে পারবে না।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে স্থানীয় বাটাজোর ডিগ্রি কলেজ মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব প্রচারের জন্য আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

কাচিনা ইউনিয়ন বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

এ সময়  মুর্শেদ আলম নিজস্ব অর্থায়নে উপজেলার কাচিনা ইউনিয়নে অন্তত ১৫ হাজার নারী-পুরুষের মাঝে উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।

দিনের ভোট আর রাতে হবে না উল্লেখ করে তিনি বলেন, বিগত সময়ে দিনের ভোট রাতে হয়েছে। কাউকে কেন্দ্রে যাওয়া লাগেনি। স্বাধীনতার ৫৪ বছর পর যদি মানুষ নিজের ভোট নিজে দিতে না পারে তাহলে, দেশটা স্বাধীন করে কী লাভ হলো?

সকলে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা সকলে ভোটকেন্দ্রে যাবেন।

আপনার ভোট আপনি দেবেন। কেউ বাধা দিতে পারবে না। বলতে পারবে না ভোট এখানে দেন। শুধু বলতে পারবে, আমি বিএনপির লোক। আমাদের একজন প্রার্থী আছে। আমাদের প্রতীক ধানের শীষ। আমি ধানে শীষের আপনার ভোট চাইছি।

তিনি বলেন, নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী করতে হবে। যাতে ভোট নিয়ে কেউ আর কোনোদিন ছিনিমিনি খেলতে না পারে। আমাদের নেতা তারেক রহমান একটি মানবিক রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছেন। আমরা নিজেরা মানবিক হব এবং মানবিক রাষ্ট্র গঠনে অবদান রাখব। পেশি শক্তি, চাঁদাবাজি, লুটপাট, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি- এগুলো করা যাবে না। কাজগুলো আমরা ভালুকা থেকেই শুরু করতে চাই। তাই আসুন, আমরা শপথ করি, আমরা কোনো অন্যায় কাজে লিপ্ত হব না। আপনার আমার সন্তান যাতে বিপথে ধাবিত না হয় সেদিকে খেয়াল রাখব। আমরা মাদক মুক্ত একটি সমাজ, রাষ্ট্র করতে চাই।

উপজেলা বিএনপির সদস্য সেলিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, উপজেলা বিএনপি সদস্য নাইমুল করিম জান্নাত, শ্রমিকদের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সেচ্ছাসেবকদল নেতা কায়সার আহমেদ কাজল প্রমুখ।