অনলাইনে অর্থ আত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

অনলাইনে অর্থ আত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

প্রতিকী ছবি

অনলাইনে ইউটিউব সাবস্ক্রিপশন ও ভুয়া ট্রেডিং বিনিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের মো. পেয়ার আহমেদ (২৪) ও মোহাম্মদ আলী (৪২) নামের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট বাজার এলাকা থেকে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট তাঁদের গ্রেপ্তার করে। 

গতকাল শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ‘প্রতারকচক্রটি নিজেদের মালয়েশিয়াভিত্তিক ব্র্যান্ড সোল ডিজিটাল মার্কেটিং এবং বাংলাদেশি এজেন্ট টাস্ক বিডি অনলাইন ট্রেডের প্রতিনিধি হিসেবে পরিচয় দিত।

তারা টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে ভুক্তভোগীদের ইউটিউব সাবস্ক্রিপশন ও অনলাইন ট্রেডিং বিনিয়োগে আকৃষ্ট করে প্রথমে সামান্য মুনাফা প্রদান করত। পরে ধাপে ধাপে বিকাশ ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিত এবং এক পর্যায়ে ভুক্তভোগীদের গ্রুপ বা অ্যাপস থেকে সরিয়ে দিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিত।’

সিআইডি জানায়, এক ভুক্তভোগীর কাছ থেকে চক্রটি মোট দুই লাখ ৭৪ হাজার ৮১৬ টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় ভুক্তভোগী ৬ মে রাজধানীর বাড্ডা থানায় মামলা করেন।

মামলার পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সিপিসি আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রতারকদের অবস্থান শনাক্ত করে দুজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং সাতটি সিমকার্ড জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। চক্রটির অন্য সদস্যরা দুবাই ও সৌদি আরব রয়েছেন বলে জানা গেছে।

এই মামলার তদন্ত অব্যাহত রয়েছে।