বিদেশিদের ইজারা বাতিলের দাবি তুলে বন্দরে অবরোধের ডাক

বিদেশিদের ইজারা বাতিলের দাবি তুলে বন্দরে অবরোধের ডাক

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের সব প্রবেশমুখে আগামী বুধবার (২৬ নভেম্বর) অবরোধের ঘোষণা দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

বন্দরের বিভিন্ন স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে এ কর্মসূচি দিয়েছে সংগঠনটি।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে স্কপের শ্রমিক কনভেনশন থেকে বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও বন্দর সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার এ কর্মসূচি ঘোষণা করেন।

দিনব্যাপী এই কনভেনশন অনুষ্ঠিত হয় প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি হলে’। কনভেনশনে বন্দর রক্ষা ও শ্রমিক অধিকার আদায়ে স্কপের ৯ দফা বাস্তবায়নের দাবিতে থেকে জেলায়-জেলায় বিক্ষোভের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে কাজী শেখ নুরুল্লাহ বাহার অভিযোগ করে বলেন, হাইকোর্টের মাননীয় বিচারপতিরা স্পষ্ট বলে দিয়েছেন, নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) বিষয় নিয়ে আর অগ্রসর হওয়া যাবে না। তারা (সরকার) কিন্তু হাইকোর্টের কথাও মানছে না। আমরা শুনেছি আগামী ২৫, ২৬, ২৭ নভেম্বর ঢাকায় বৈঠক ডাকা হয়েছে। নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করার জন্য এই বৈঠক। ২৬ তারিখ ভেটিং করবে, ২৭ তারিখ চুক্তি করবে এরকম কথাও শোনা যাচ্ছে।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৬ তারিখ (নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের এন্ট্রি পয়েন্ট যেগুলো আছে, যেমন : আগ্রাবাদ, বড়পোল এবং মাইলের মাথা এ তিনটি জায়গায় সর্বাত্মক অবরোধ হবে। আমি সমস্ত শ্রমিক-কর্মচারী ভাইদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে অবরোধ পালন করে বন্দর বিদেশিদের দেওয়া প্রতিহত করার আহ্বান জানাচ্ছি।

কনভেনশনে সৈয়দ সুলতান উদ্দিন আহাম্মদ বলেন, চট্টগ্রাম বন্দর বিরাষ্ট্রীয়করণ, পাটকল ইজারা দেওয়া, বিক্রি করে দেওয়া, সরকারি কলকারখানা বন্ধ করে দেওয়া, শ্রমিকদের অধিকারের বিভিন্ন দাবি নিয়ে আমাদের একটি জাতীয় ইশতেহার করতে হবে। আর চট্টগ্রাম বন্দর নিয়ে এই আন্দোলনে ব্যবসায়ীদেরও এগিয়ে আসতে হবে। 

কনভেনশনে বক্তব্য দেন স্কপের যুগ্ম সমন্বয়ক ও বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সভাপতি আব্দুল কাদের হাওলাদার, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি তপন দত্ত, স্কপের যুগ্ম সমন্বয়ক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এম ফয়েজ হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের এপিএম টার্মিনালস নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে ৩৩ বছরের চুক্তি করেছে সরকার। এই মেয়াদ আরও ১৫ বছর বাড়ানোর সুযোগ আছে চুক্তিতে। একই দিন কেরাণীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল ২২ বছর মেয়াদে পরিচালনার জন্য সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। এছাড়া বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালও (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।