বিশ্বে প্রতিদিন গড়ে কতবার ভূমিকম্প হয়?
ছবি: সংগৃহীত
বাংলাদেশে গত দুই দিনে অন্তত চারবার ভূমিকম্প হয়েছে। এতে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন, কেউ কেউ আবার মনে করছেন—এগুলো বড় কোনো ভূমিকম্পের আগাম সংকেত। কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা: প্রকৃতপক্ষে পৃথিবী প্রায় সবসময়ই সামান্য কাঁপতে থাকে। অর্থাৎ পৃথিবীর কোথাও না কোথাও প্রায় প্রতি মুহূর্তেই ভূমিকম্প হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে প্রায় ৫৫টি ভূমিকম্প ঘটে। তাদের জাতীয় ভূমিকম্প তথ্য কেন্দ্র (এনইআইসি) বছরে প্রায় ২০ হাজার ভূমিকম্প শনাক্ত করে, যা হিসেবে প্রতিদিন প্রায় ৫০টি।
তবে এই ৫৫টি ভূমিকম্প হলো অনুভবযোগ্য বা যন্ত্রের মাধ্যমে সহজে রেকর্ডযোগ্য কম্পন। বাস্তবে এর চেয়ে অসংখ্য ক্ষুদ্র ভূমিকম্প প্রতিদিন পৃথিবীতে ঘটে, যেগুলোর বেশিরভাগই মানুষ টের পায় না। কেবল সংবেদনশীল সিসমোগ্রাফেই সেগুলো ধরা পড়ে। ইউএসজিএসের হিসাবে, এ ধরনের ক্ষুদ্র ভূমিকম্পের সংখ্যা বছরে কয়েক লাখও হতে পারে।
কমপ্রিহেনসিভ আর্থকোয়াক ক্যাটালগ (কমক্যাট) জানাচ্ছে, সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ড করা ভূমিকম্পের সংখ্যা বেড়েছে। তবে এর কারণ ভূমিকম্পের প্রকৃত বৃদ্ধি নয়; বরং উন্নত সিসমোগ্রাফ এবং নজরদারি প্রযুক্তির কারণে আরও বেশি কম্পন শনাক্ত করা সম্ভব হচ্ছে।
দীর্ঘমেয়াদি তথ্য অনুযায়ী, প্রতি বছর গড়ে প্রায় ১৬টি বড় ভূমিকম্প (রিক্টার স্কেলে ৭ বা তার বেশি) ঘটে। এর মধ্যে প্রায় ১৫টি থাকে ৭ থেকে ৭.৯ মাত্রার, আর একটি থাকে ৮ বা তার বেশি মাত্রার।
তবে ইতিহাসে বেশ কিছু বছরে এই গড়ের চেয়েও বেশি বড় ভূমিকম্প দেখা গেছে। যেমন ২০১০ সালে বিশ্বজুড়ে ২৩টি শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।